৬৫ বছরেই অতিরিক্ত পেনশন? চিকিৎসা ভাতা ৩,০০০ করার দাবিতে সরকারের কাছে চিঠি

Published:

Pensioners

অনন্যা সরকার, নয়াদিল্লি: নালন্দার সাংসদ কৌশলেন্দ্র কুমার গত ১২ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের (Pensioner) পক্ষ থেকে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়ে একটি চিঠি পাঠান। এই দাবিগুলির মধ্যে ছিল ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসরপ্রাপ্তদের অষ্টম বেতন কমিশনের কার্যপরিধির অন্তর্ভুক্ত করা, ৬৫, ৭০ ও ৭৫ বছর বয়সে অতিরিক্ত পেনশন প্রদান এবং নির্দিষ্ট চিকিৎসা ভাতা বৃদ্ধি করা। এর উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পক্ষ থেকে তাঁকে একটি আনুষ্ঠানিক প্রাপ্তিস্বীকারপত্র পাঠানো হয়।

অষ্টম পে কমিশনের কাছে পেনশনভোগীদের জন্য তিন দাবি 

নিজের চিঠিতে সাংসদ কৌশলেন্দ্র কুমার তিনটি মূল বিষয় উত্থাপন করেন। প্রথমত, তিনি অনুরোধ জানান যে, ২০২৬ সালের ১ জানুয়ারির আগে কেন্দ্রীয় সরকারি চাকরি থেকে অবসর গ্রহণকারীদের পেনশনের পুনর্বিবেচনার বিষয়টি যেন অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের (8th Pay Commission) কার্যপরিধির অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয়ত, বর্তমানে কোনো পেনশনভোগীর ৮০ বছর বয়স পূর্ণ হলে তাঁকে মূল পেনশনের অতিরিক্ত ২০ শতাংশ প্রদান করা হয়, তবে পেনশনভোগী সংগঠনগুলোর পক্ষ থেকে এখন অষ্টম বেতন কমিশনের কাছে প্রস্তাব করা হয়েছে যেন এই সুবিধাটি ৬৫, ৭০ ও ৭৫ বছর বয়স থেকে পর্যায়ক্রমে চালু করা হয়।

তৃতীয়ত, যে সব পেনশনভোগী ‘সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম’ (CGHS)-এর আওতাভুক্ত নন, তাঁদের জন্য মাসিক ‘ফিক্সড মেডিকেল অ্যালাউন্স’ (FMA) বাড়ানোর দাবি জানানো হয়েছে। বর্তমানে এই ভাতার পরিমাণ মাসে ১,০০০ টাকা, যা বাড়িয়ে ৩,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। ১২ অক্টোবর সাংসদের পাঠানো এই চিঠির আনুষ্ঠানিক প্রাপ্তিস্বীকারপত্রটি গত ৪ নভেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কর্তৃক পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: “ভাইদের রক্ত বইছে, এবার রাস্তায় নামতে হবে” বাংলাদেশে হিন্দুহত্যায় প্রতিবাদের ডাক শমীকের

উল্লেখ্য, অর্থমন্ত্রীর এই চিঠিটি কোনো সিদ্ধান্ত বা অনুমোদনের বার্তা বহন করে না, এটি কেবল  অনুরোধপত্রটি পাওয়ার একটি আনুষ্ঠানিক স্বীকৃতি মাত্র। তবে, সরকারি নথিপত্রে এই দাবিগুলোর অন্তর্ভুক্তি পেনশনভোগীদের হিতার্থে নীতিগত আলোচনার পথে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

google button