দেশে ফিরেই বিপাকে টুলু মণ্ডল, ফের পাথর ব্যবসায়ীকে দুই থানায় হাজিরার নির্দেশ

Published:

Tulu Momdal

সৌভিক মুখার্জী, কলকাতা: সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পেয়েই দেশে ফিরেছেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল (Tulu Mondal)। তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। তবে দেশে ফিরতেই বিপদ বেড়েছে টুলুর। ইতিমধ্যেই সিউড়ি থানা এবং ভবানীভবনে হাজিরা দিয়েছেন তিনি। এমনকি সেখানে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এবার পরপর দু’দিন আরও দুটি মামলায় তাঁকে তলব করল রাজ্য পুলিশ। বেআইনি টাকা এবং সোনা উদ্ধারের পাশাপাশি পাথর খাদান নিয়ে টুলুকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই খবর।

টুলু মণ্ডলকে দু’দিন তলব পুলিশের

যেমনটা খবর, সোমবার মহম্মদবাজার থানায় টুলু মণ্ডলকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে তাঁকে ডাকা হয়েছে তাঁর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে কোটি কোটি টাকা এবং সোনা উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য। অন্যদিকে তার পরদিন অর্থাৎ মঙ্গলবার ফের সিউড়ি থানায় জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে এই পাথর ব্যবসায়ীকে। এদিন তাঁকে বেআইনি পাথর খাদান সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে বলেই খবর। যদিও এর আগে শনিবার সিউড়ি থানায় হাজিরা দিয়েছিলেন টুলু। সেখানে তাঁকে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি সমস্ত প্রশ্নের উত্তর সঠিক দেন বলেও মিডিয়াকে জানিয়েছেন।

যদিও ভবানীভবন এবং সিউড়ি থানায় হাজিরা দিলেও তাঁকে অযথা হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন টুলু। এমনকি তাঁর কোটি কোটি টাকার সম্পত্তি চুরি হয়েছে বলেও মিডিয়াকে জানিয়েছেন। তিনি জানান, শনিবার সিউড়ি থানায় জিজ্ঞাসাবাদের পর রাতে এক আত্মীয়ের বাড়িতে থাকতে হয়েছিল তাঁকে। তবে সেখানে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন ছিল। এমনকি পরদিন গাড়ি নিয়ে বেরোতেই বোলপুরের প্রবেশপথের কাছে তাঁর গাড়ি আটকানো হয়। এমনকি নাকা তল্লাশির মতো অভিযান চালানো হয়। পাশাপাশি পুলিশের গাড়ি তাঁর পিছু নিয়েছিল বলেও অভিযোগ।

আরও পড়ুন: লাগবে না এই নথি, কাস্ট সার্টিফিকেটের নিয়মে বিরাট বদল আনল পশ্চিমবঙ্গ সরকার

টুলুর অভিযোগ, তাঁর গোডাউন থেকে বিপুল পরিমাণ সামগ্রী চুরি হয়েছে। এমনকি তাঁর প্রায় ২০০ কোটি টাকা পর্যন্ত ক্ষতি হয়েছে। তাঁর দাবি, ২৫০টি নতুন টায়ার, ৩০০ টন রড এবং পুজো ও ঈদে বিতরণের জন্য রাখা চাল, কাপড় উধাও হয়ে গিয়েছে তাঁর গোডাউন থেকে। এমনকি বীরভূমের মধ্যে তিনি সবচেয়ে বেশি ট্যাক্স প্রদানকারী ব্যক্তি বলেও দাবি করেন। তবে তা সত্ত্বেও পুলিশ তাঁর অফিস থেকে পেনড্রাইভ, ল্যাপটপসহ একাধিক গ্যাজেট বাজেয়াপ্ত করেছে। যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, বোলপুর এবং ইলামবাজারে নিয়মিত নাকা তল্লাশির অংশ হিসেবে টুলুর গাড়ি পরীক্ষা করা হয়েছিল।

google button