বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে (India) এসেছেন নেপালের (Nepal) প্রধানমন্ত্রী বালেন শাহ (Balen Shah)। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করেছেন তিনি। তবে তার আগেই তাঁর ভারত সফরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সে ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে প্রতিবেশী দেশটির সাথে হাত মেলালেও নেপালের একটি দাবিতে সম্মতি জানায়নি নয়া দিল্লি। আসলে, কাঠমান্ডু দীর্ঘদিন ধরেই ভারতীয় আকাশসীমা ব্যবহার করে পশ্চিম দিক থেকে নিজেদের ভূখণ্ডে ঢোকার আরও কিছু বিমান চালু করার দাবি জানিয়ে আসছিল, তবে এবার সেই দাবিতে নাকি সাড়া দেয়নি নয়া দিল্লি।
নেপালের দাবি রাখলো না দিল্লি!
কাঠমান্ডু পোস্টের রিপোর্ট বলছে, অতিরিক্ত এয়ার এন্ট্রি রুট চালু হয়ে গেলে ভৈরহাওয়া ও পোখারা-সহ দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে বিদেশি বিমান চলাচল সহজ হবে। প্রতিবেশী দেশের দাবি, বর্তমানে পশ্চিম দিক থেকে নেপালে ঢোকার ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। যার জেরে আন্তর্জাতিক উড়ান অনেকটা ঘুরিয়ে নিয়ে যেতে হয়, এর ফলে সময় এবং খরচ উভয়ই দুইই বেশি লাগে। মূলত এই সমস্যার সমাধানের জন্যই ভারতের কাছে নতুন রুট চেয়েছিল কাঠমান্ডু।
তবে নেপালের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত রুটের ব্যাপারে ভারত এখনও পর্যন্ত চূড়ান্ত সম্মতি দেয়নি। কিছু রিপোর্ট বলছে, কোন উচ্চতায় বিমান উড়বে এবং কোন ধরনের বিমান ভারতীয় আকাশসীমা ব্যবহার করতে পারবে, এই বিষয় নিয়ে দুই দেশের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। নেপালি সূত্র দাবি করছে, তাদের তরফে 29 হাজার ফুট উচ্চতায় বিমান ওড়ানোর প্রস্তাব দেওয়া হলেও ভারত নাকি জানিয়েছে, 39 হাজার ফুট উচ্চতায় উড়তে পারবে বিমান!
আরও পড়ুন: জাতিসংঘে ভারতের পাশে দাঁড়াল পাকিস্তান, বিরাট ঘটনা
এখানেই শেষ নয়, ভারত নাকি বাগডোগরা বিমানবন্দরের জন্য নেপালের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছে। এ নিয়ে অবশ্য নেপাল জানিয়েছে, ভারতীয় বেসামরিক বিমানের ক্ষেত্রে তাদের ইতিবাচক অবস্থান থাকলেও সামরিক বিমান প্রবেশের ক্ষেত্রে আপত্তি রয়েছে। ফলে এয়ার রুটের বিষয়টি এখন দুই দেশের পারস্পরিক স্বার্থের উপর দাঁড়িয়ে। কয়েকটি সূত্র বলছে, নেপালের এই দাবি পূরণের ক্ষেত্রে অবশ্যই জাতীয় স্বার্থ বিবেচনা করবে কেন্দ্রীয় সরকার।


