প্রীতি পোদ্দার, কলকাতা: শিক্ষা প্রতিষ্ঠানগুলির সমাবর্তন ও ডিগ্রি প্রদান অনুষ্ঠানে পাশ্চাত্য গাউন ও হুড পরার ঔপনিবেশিক প্রথা নিয়ে বেশ কিছু বিতর্ক বারংবার উঠে এসেছিল। ভারতীয় সংস্কৃতি (Indian Culture in Education) অনুযায়ী অনেকেই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন (University Convocation Dress) অনুষ্ঠানে প্রচলিত কালো টুপি ও গাউনের পরিবর্তে দেশীয় উত্তরীয় ব্যবহারের ভাবনা প্রকাশ করেছিলেন। আর এবার সেই ভাবনায় সায় দিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chattopadhyay)। স্পষ্ট জানিয়ে দিলেন পাশ্চাত্য গাউন ও হুডের পরিবর্তে ভারতীয় সংস্কৃতিকে গুরুত্ব দিতে চায় রাজ্য।
ঔপনিবেশিক প্রথা নিয়ে সরব উচ্চশিক্ষামন্ত্রী
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ শুক্রবার জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ডিগ্রি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। সেখানে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির সমাবর্তন ও ডিগ্রি প্রদান অনুষ্ঠানে পাশ্চাত্য গাউন ও হুড পরার ঔপনিবেশিক প্রথা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি জানিয়েছেন, “২০৪৭–এ স্বাধীনতার শতবর্ষে ভারতকে বিকশিত ও উন্নত দেশ হিসেবে গড়ে তোলার সংকল্প নিয়ে দেশ এগিয়ে চলেছে। এই সময়ে দাঁড়িয়ে দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দীর ইউরোপীয় মডেল বা শিক্ষাক্ষেত্রে ব্রিটিশ মানসিকতা বহন না করাই শ্রেয়।”
কী বলছেন জগন্নাথ চট্টোপাধ্যায়?
উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ওই অনুষ্ঠানে জানিয়েছিলেন যে, “২০১৪-১৫ তেই কেন্দ্রীয় সরকার এই ইউরোপীয় মডেল বা ঔপনিবেশিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসার নির্দেশ দিয়েছিল, যার ফলে এখন আর কোনও কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে সমাবর্তনে কালো গাউন বা হুড ব্যবহৃত হয় না। ইতিমধ্যেই দেশের বহু বিশ্ববিদ্যালয় ও কলেজ দেশীয় পোশাক এবং উত্তরীয় ব্যবহার শুরু করেছে। আসলে ভারতীয় ও বাংলার প্রাচীন প্রথা অনুযায়ী উপাধি প্রদানের সময়ে উত্তরীয় ও অঙ্গবস্ত্র দিয়েই সম্মান জানানো হতো।”
আরও পড়ুন: রেখা পাত্রের পর অসুস্থ আরামবাগের বিধায়ক, ভর্তি SSKM-এ, কী হয়েছে হেমন্ত বাগের?
অনুষ্ঠানে ওইদিন ভারতীয় পোশাকে ডিগ্রি নেওয়ার জন্যে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদের সম্মান প্রদানের সময় প্রশংসা করেন জগন্নাথ চট্টোপাধ্যায়। এই প্রসঙ্গে ইতিহাসবিদ ও যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছেন যে, ‘এটা নিয়ে ভাবার অবশ্যই সময় এসেছে। বহু আগে ঔপনিবেশিক ব্যবস্থা থেকে শিক্ষাকে মুক্ত করতে বিশ্বভারতীতে কেবল উত্তরীয় পরে সমাবর্তনের রীতি শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই ঐতিহ্য এখনও সেখানে রয়েছে।’
তৃণমূল সরকারকে কটাক্ষ
ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ পড়ুয়াদের ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে এদিন তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, “পড়ুয়াদের ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে উদাসিনতা ছিল। এর ফলে কলেজ থেকে বেরিয়ে চাকরির ক্ষেত্রে সমস্যায় পড়তে হত অনেক পড়ুয়াকে। বিজেপি সরকার ‘ক্ষমতায় আসার পর ছয় মাসের মধ্যেই এই প্রক্রিয়ায় পরিবর্তন এসেছে।” তাঁর দাবি, রাজ্যের ৩১টি বিশ্ববিদ্যালয়ে এখনও সমাবর্তন হয়নি যা আগামী দু’মাসের মধ্যে সম্পন্ন করা হবে। পাশাপাশি, আগামী এক মাসের মধ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হবে।


