ডলারের বিপরীতে ফের রেকর্ড পতন ভারতীয় রুপির, আজকের রেট

Published:

Indian Rupee

সৌভিক মুখার্জী, কলকাতা: সপ্তাহের প্রথম দিনেই প্রাথমিক লেনদেনে আজ অস্থিরতার সাক্ষী থাকল ভারতীয় মুদ্রা (Indian Rupee)। যেখানে গত কয়েকদিন টানা দাম বেড়েছিল ভারতীয় রুপির, সেখানে আজ মুখ থুবড়ে পড়ল ভারতীয় টাকা। এদিন সকালে মার্কিন ডলারের বিপরীতে ২৩ পয়সা কমে টাকার দাম দাঁড়িয়েছে ৯২.৮৫-তে। বিশেষ করে দেশীয় শেয়ারবাজারে বিক্রির চাপের কারণেই টাকার এই দরপতন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের হস্তক্ষেপে ফের আবার টাকার দাম ঘুরে দাঁড়াতে পারে বলে জানাচ্ছে ওয়াকিবহাল মহল।

ডলারের বিপরীতে দাম কমে গেল ভারতীয় রুপি

ফরেক্স বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমায় দিনের শুরুতে এদিন কিছুটা স্বস্তি পেয়েছিল টাকা। তবে মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় খুব তাড়াতাড়ি চাপের মুখে পড়ে ভারতীয় মুদ্রা। ইন্টারব্যাংক ফরেন এক্সচেঞ্জ মার্কেটে এদিন টাকা ৯৩.৪৭-র স্তরে খুলেছিল এবং একসময় দাম বেড়ে তা ৯২.৪৩-র স্তরে পৌঁছয়। শেষ পর্যন্ত আগের দিনের বন্ধ হওয়া দামের তুলনায় ২৩ পয়সা কমে ৯২.৮৫-তে লেনদেন হতে দেখা যায়।

বলাবাহুল্য, গত শুক্রবার টানা পঞ্চম সেশনে ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখে ডলারের বিপরীতে ৭০ পয়সা বেড়ে ৯২.৬২-র স্তরে বন্ধ হয়েছিল ভারতীয় টাকা। এমনকি ১০ এপ্রিলের পর এই প্রথম টাকা ৯৩-র গণ্ডি ছাড়িয়ে উপরে উঠেছিল। এদিকে ১৩ নভেম্বরের ৯৪.১৯ স্তর থেকে গত পাঁচটি ট্রেডিং সেশনে ভারতীয় মুদ্রা ১.৬ শতাংশের বেশি শক্তিশালী হয়েছিল। পাশাপাশি বিশ্বের ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলার পরিমাপকারী সূচক এদিন ০.০৩ শতাংশ কমে ১০৩.৭১-এ দাঁড়িয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ০.৮% কমে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ৯২.৩৮ ডলারে।

আরও পড়ুন: দেশে ফিরেই বিপাকে টুলু মণ্ডল, ফের পাথর ব্যবসায়ীকে দুই থানায় হাজিরার নির্দেশ

অন্যদিকে শেয়ার বাজারের রিপোর্ট বলছে, সোমবার প্রাথমিক লেনদেনে সেনসেক্স ৪০৮.৩০ পয়েন্ট কমে ৮৩৫১১.৪১ স্তরে নেমে এসেছে। অন্যদিকে নিফটি ১১৮.৯০ পয়েন্ট কমে ২৫,৬৮৪.৩০-এ এসে দাঁড়িয়েছে। এক্সচেঞ্জের দেওয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মোট ১০,৩০৮.৪২ কোটি টাকার শেয়ার কিনেছেন। আবার অন্যদিকে ভারতীয় রিজার্ভ ব্যাংক গত শুক্রবার যে তথ্য প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ১৪.২০৫ বিলিয়ন ডলার কমে ৭০৫.৩৪২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এমনকি তার আগের সপ্তাহে এই রিজার্ভ ২.৪৯ বিলিয়ন ডলার বেড়ে ৭১৯.৫৪৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল।

google button