মানহানির মামলায় বিপাকে ধ্রুব রাঠি, জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

Published:

dhruv rathee

আনিষা চৌধুরী, কলকাতা: ধ্রুব রাঠি একজন জনপ্রিয় ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও রাজনৈতিক ভাষ্যকার। দেশের রাজনীতি, সরকারি নীতি, সমসাময়িক ঘটনা এবং বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে বিশ্লেষণধর্মী ভিডিও তৈরি করেন তিনি। রাজনৈতিক বিষয় নিয়ে প্রশ্ন তোলা, সরকারের সমালোচনা এবং তথ্যভিত্তিক বিশ্লেষণের জন্য পরিচিত এই ইউটিউবার। এবার ২০১৮ সালের একটি ফৌজদারি মানহানির মামলায় ধ্রুব রাঠির (Dhruv Rathee) বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত।

ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত?

ঘটনার সূত্রপাত ২০১৮ সালের মে মাসে। সেই সময় ‘BJP IT Cell Part II’ শীর্ষক একটি ভিডিও প্রকাশ করেছিলেন ধ্রুব রাঠি। সেখানে অভিযোগ করা হয়েছিল, বিজেপির আইটি সেলের সদস্যরা তাঁকে বদনাম করার জন্য বিকাশ সংস্কৃত্যায়নকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। ওই ভিডিওকে কেন্দ্র করেই ধ্রুবর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন বিকাশ। তৎকালীন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ভিডিওটি শেয়ার করেছিলেন।

এর আগে গত ১৭ অক্টোবর ধ্রুবর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল দিল্লির সাকেত আদালত (Saket Court, Delhi)। পরে ৩১ অক্টোবরও নতুন করে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়। কিন্তু সেই পরোয়ানাও কার্যকর করা যায়নি। এবার ২৩ নভেম্বর, সোমবার মামলার শুনানিতে ধ্রুব রাঠির অনুপস্থিতির বিষয়টি বিবেচনা করে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল সাকেত আদালত। আগামী ৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

ধ্রুব রাঠির তরফে আজকের পরোয়ানা নিয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে এর আগে গত অক্টোবর মাসে পুলিশি হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর একটি ভিডিও বার্তায় নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন তিনি। পুলিশের বিরুদ্ধে তাঁকে অপহরণের মতো অভিযোগও তুলেছিলেন ইউটিউবার। যদিও পুলিশি পদক্ষেপের ব্যাখ্যা ছিল আলাদা।

আরও পড়ুন: নেপালকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল না ভারত

উল্লেখ্য, গত ১০ অক্টোবর এসআইআর এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় গুরুগ্রামের বাড়ি থেকে ধ্রুব রাঠিকে আটক করেছিল পুলিশ। প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পান তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ২০১৮ সালের পুরনো মানহানির মামলায় নতুন করে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিচার ব্যবস্থার এই পদক্ষেপের মোকাবিলা কীভাবে করবেন ইউটিউবার ধ্রুব রাঠি? এখন সেটাই দেখার বিষয়।

google button