আনিষা চৌধুরী, কলকাতা: সরকার বদল হতেই ফের পশ্চিমবঙ্গ (West Bengal) নামটি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। রাজ্যের নামের ব্যবহার ও পরিচিতিতে এবার আসতে চলেছে বড় পরিবর্তন। এর আগে রাজ্যের নাম বদলে ‘বাংলা’ করার উদ্যোগ নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই প্রস্তাব বিধানসভায় পাশও হয়েছিল, তবে কেন্দ্রের অনুমোদন মেলেনি। এবার সেই নাম সংক্রান্ত বিষয়েই নতুন সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। ইংরেজি-সহ সব ভাষায় একই নাম ব্যবহারের প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
কী নাম হতে চলেছে রাজ্যের?
সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের নামের ব্যবহার নিয়ে আলোচনা হয়। সেখানেই এই সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতদিন বাংলা, ইংরেজি কিংবা হিন্দিতে রাজ্যের নাম লেখার ক্ষেত্রে ভিন্নতা দেখা যেত। বিশেষ করে ইংরেজিতে ‘West Bengal’ নামটি বহুল ব্যবহৃত। এবার সেই বিভ্রান্তি দূর করে সব ভাষায় একই পরিচয় বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সরকারি নথি থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রেও নামের ব্যবহারে সামঞ্জস্য আসবে বলে মনে করা হচ্ছে।
মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাংলায়, ইংরেজিতে কিংবা হিন্দিতে সব ক্ষেত্রেই রাজ্যের নাম হবে ‘পশ্চিমবঙ্গ’। অর্থাৎ, ইংরেজিতে আর ‘West Bengal’ লেখা হবে না। আগামী ৪ ডিসেম্বর থেকে বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা। সেখানে ৯ ডিসেম্বর রাজ্যের নাম সংক্রান্ত প্রস্তাব আনা হবে বলে জানিয়েছেন তিনি।
কেন এই সিদ্ধান্ত?
ইংরেজিতে ‘West Bengal’ নামের প্রথম অক্ষর W হওয়ায় বিভিন্ন তালিকায় রাজ্যের নাম অনেকটা নীচের দিকে থাকে। জাতীয় স্তরের বৈঠক কিংবা বিভিন্ন প্রশাসনিক তালিকায় এই বিষয়টি অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় বলে দাবি। সেই সমস্যা দূর করার উদ্দেশ্যেই নামের ব্যবহার নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুমোদন মেলেনি। পশ্চিমবঙ্গ P অক্ষর দিয়ে শুরু হওয়ায় তালিকায় রাজ্যের অবস্থান কিছুটা এগিয়ে আসবে বলে মনে করছে বর্তমান সরকার।
আরও পড়ুন: বালুরঘাট-মায়াপুরের সরকারি বাস পরিষেবা চালু করল NBSTC, দেখে নিন সময়সূচি ও ভাড়া
উল্লেখ্য, ১৯৪৭ সালে দেশভাগের পর অবিভক্ত বাংলার পশ্চিমাংশ নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের আত্মপ্রকাশ ঘটে। সেই সময় থেকেই ‘West Bengal’ নামটি সরকারি পরিচিতির অংশ হয়ে রয়েছে। দীর্ঘদিনের সেই নামের ইংরেজি ব্যবহারেই এবার বদল আনার উদ্যোগ। অর্থাৎ, আর আলাদা আলাদা ভাষায় আলাদা নাম নয়, সব জায়গায় এক পরিচয়েই পরিচিত হবে রাজ্য ‘পশ্চিমবঙ্গ’।


