সৌভিক মুখার্জী, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, যুবশক্তি (Yuva Shakti) প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে ২৩ নভেম্বর নবান্নের সাংবাদিক বৈঠকে। কথা মতোই হল কাজ। যুবসাথী প্রকল্পের নাম বদলে রাখা হল ভরসা স্কিম এবং এই প্রকল্পে প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে কবে থেকে শুরু হচ্ছে ভরসা স্কিমের আবেদন, আর কারাই বা পাবেন সুবিধা?
যুবশক্তি ভরসা স্কিম নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
বাজেটে এই প্রকল্প নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অক্টোবর থেকে গ্র্যাজুয়েট যুবকরা প্রতি মাসে ৩০০০ টাকা এবং নন গ্র্যাজুয়েটরা প্রতি মাসে ২০০০ টাকা করে পাবেন বলে জানানো হয়েছিল। তবে প্রশাসনিক কিছু জটিলতার কারণে এই প্রকল্প চালু হতে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে নবান্ন। অবশেষে সোমবার মন্ত্রিসভার বৈঠক থেকে যুবশক্তি স্কিম নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। যদিও আগের সরকার যে যুবসাথী প্রকল্প চালু করেছিল, তার নাম বদলে এবার ভরসা স্কিম রাখা হয়েছে বলেই জানিয়েছেন তিনি।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, “যে যুবসাথী প্রকল্প ছিল, সেই প্রকল্পের নাম বদল করেছি। আমাদের সংকল্পপত্রেই ছিল যে ভরসা কর্মসূচি হবে। ভরসা কর্মসূচি আমরা করেছি। এই ভরসা কর্মসূচিতে আমাদের নোডাল দফতর হচ্ছে যুব কল্যাণ দফতর। চার মাস ভোটের আগে রাজ্য সরকার ৫৪ লক্ষ যুবক-যুবতীকে যারা ২১ থেকে ৪৫, তাদেরকে দেড় হাজার টাকা করে দিয়েছিল ভোটের আগে। মূলত ভোটবুকই ছিল। আমরা প্রথমত ওই স্কিমের নাম চেঞ্জ করলাম। ডিজিটাল করা হয়েছে, যাতে আধার লিঙ্কড অ্যাকাউন্ট যুক্ত করা হয়েছে। এই সংখ্যাটাকেও আমরা অ্যাসেসমেন্ট করেছি।”
আরও পড়ুন: তিন মাস অন্তর নয়, এবার প্রতি মাসেই আসবে বিদ্যুতের বিল! বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমরা সংকল্পপত্রে বলেছিলাম গ্র্যাজুয়েটদের জন্য ৩০০০ এবং যারা গ্র্যাজুয়েট নয়, তাদের জন্য ২০০০ টাকা দেব। আমরা অনেকগুলো নতুন স্কিম নিয়েছি। ডিএ দিয়েছি এবং অনেক অর্থনৈতিক দায়-দায়িত্ব আমাদের উপর পড়েছে।” প্রসঙ্গত, জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের সহায়তা মিলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “নেক্সট ফিনান্সিয়াল ইয়ার থেকেই ৩০০০ আর ২০০০ টাকা করে দেওয়া হবে। সরকারি ভোকেশনাল ইনস্টিটিউটে যারা ট্রেনিং নিচ্ছেন, তারাও ২০০০ টাকা করে পাবেন। যারা তখন আবেদন করতে পারেননি, তারা আবার করতে পারবেন। যুব কল্যাণ ডিপার্টমেন্ট অনুমোদন করবে।”


