বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘরোয়া ক্রিকেটে তান্ডব চালানোর পর ভারতের ছোটদের দলে জায়গা করে নিয়েছিলেন বীরেন্দ্র সেহবাগের (Virender Sehwag) ছেলে আর্যবীর (Aaryavir Sehwag)। সেই মতোই, দেশের জার্সিতে মাঠে নেমে একের পর এক বড় ইনিংস খেলেছেন তিনি। মান রেখেছেন বাবার। এবার সেই আর্যকে কি দেখা যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে? ছেলের IPL ভবিষ্যৎ নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা কিংবদন্তি বীরেন্দ্র সেহবাগ। তাঁর আশা, আসন্ন IPL সিজনের আগে কোনও ফ্রাঞ্চাইজি ছেলে আর্যবীরকে কিনে নেবে!
ছেলের IPL ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার
আর্যবীরের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে যথেষ্ট খুশি ভারতীয় দলের প্রাক্তন সদস্য বীরেন্দ্র সেহবাগ। সম্প্রতি অনূর্ধ্ব 19 এশিয়া কাপে ছেলের ব্যাটের জোরে পাকিস্তানকে হারিয়ে ভারত ফাইনাল জিততেই উচ্ছাস প্রকাশ করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ছেলের সাথে ভিডিও কলে কথা বলতে দেখা গিয়েছিল তাঁকে। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করার জন্য আর্যকে বাহবাও দিয়েছিলেন ভারতীয় তারকা। এবার তিনি নিজের ছেলেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখতে চান।
কয়েকটি রিপোর্ট অনুযায়ী, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আর্যবীর খেলুক এমনটা চাইছেন বীরেন্দ্র। তাঁর দাবি, আর্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পাওয়ার যোগ্য। সেহবাগের কথায়, “হ্যাঁ, অবশ্যই আমি আশা করছি এবার কোনও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল ওকে কিনবে। যেভাবে পারফর্ম করেছে তাতে সত্যিই সুযোগ পাওয়ার যোগ্য ও। এখন দেখা যাক ওকে কোন দল বেছে নেয় শেষ পর্যন্ত।”
আরও পড়ুন: ‘ইস্টবেঙ্গলে থাকতে চেয়েছিলাম, কিন্তু ক্লাবের..’ বিরাট মন্তব্য প্রাক্তনী ক্রেসপোর
সবমিলিয়ে বলাই যায়, ক্রিকেটে ছেলেকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী, বাবা বীরেন্দ্র সেহবাগ। কাজেই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডিসেম্বরের নিলামে নজর থাকবে ঠিক কোন ফ্রাঞ্চাইজি আর্যকে কেনে সেদিকে। কয়েকটি সূত্র দাবি করছে, এই ভারতীয় তরুণ ক্রিকেটার বিগত দিনগুলিতে যেভাবে নিজেকে মেলে ধরেছেন তাতে কলকাতা নাইট রাইডার্স বা চেন্নাইয়ের মতো ফ্র্যাঞ্চাইজিগুলির একটি সেহবাগ পুত্রকে সুযোগ দিতে পারে।


