চাকরি ফিরে পাবেন ২৬ হাজার, নবান্ন থেকে ১ লক্ষ নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

nabanna cm job (1)

আনিষা চৌধুরী, কলকাতা: সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের কর্মসংস্থান (Government Job) থেকে শুরু করে সরকারি চাকরির নিয়োগ, চাকরিপ্রার্থীদের সুযোগ-সুবিধা, একাধিক বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানালেন তিনি। রাজ্যে আগামী দিনে ১ লক্ষ নিয়োগের লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি চাকরি হারানো ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার আশ্বাসও দিয়েছেন তিনি।

কী কী বললেন মুখ্যমন্ত্রী?

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন করে কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। পিএসসি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং স্বাস্থ্য দফতরের মাধ্যমে নিয়োগের পাশাপাশি একাধিক বিভাগে কর্মী নেওয়া হবে। পুলিশ ও ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস মিলিয়ে ৯২০০টি পদে এবং অ্যান্টি নারকোটিক বিভাগে ৪৮টি পদে নিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “পিএসসি-র মাধ্যমে নিয়োগ করা হবে। পাশাপাশি পিআরবি, স্বাস্থ্য দফতরেও নিয়োগের প্রক্রিয়া চলছে। আরও কিছু পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। পুলিশ ও ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস (ইএফআর) মিলিয়ে ৯২০০টি পদে, অ্যান্টি নারকোটিক বিভাগে ৪৮টি পদে নিয়োগের পরিকল্পনা রয়েছে। এছাড়াও সাইবার ও পর্যটন বিভাগেও নিয়োগ করা হবে। আমাদের টার্গেট আছে ১ লক্ষ নিয়োগ হবে।”

অন্যদিকে, ২৬ হাজার চাকরি বাতিলের বিষয়টিও এদিনের সাংবাদিক সম্মেলনে উঠে আসে। ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল। তাঁদের ভবিষ্যৎ নিয়েও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার বিষয়ে তিনি বলেন, “২৬ হাজারের যে চাকরি গিয়েছে, আমরা চেষ্টা করছি জানুয়ারি মাসের মধ্যে দফায় দফায় কমপ্লিট করতে পারব।” অর্থাৎ, আগামী জানুয়ারির মধ্যে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার।

এদিন চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার থেকে রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করতে আর কোনও ফি দিতে হবে না। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “জেনারেল (সাধারণদের) কলেজ সার্ভিস কমিশনে আবেদনে সবচেয়ে বেশি ফি দিতে হয়। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে ৫০০ টাকা দিতে হয়। বেকার যুবক যুবতীদের আর টাকা দিয়ে আবেদন করতে হবে না। রাজ্য সরকার সেই খরচ দেবে। কারণ, চাকরির নামে টাকা নেওয়া অপরাধ এবং সংকীর্ণতার পরিচয়।”

আরও পড়ুন: লাগবে না এই নথি! কাস্ট সার্টিফিকেটের নিয়মে বিরাট বদল আনল পশ্চিমবঙ্গ সরকার

মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তগুলিতে নিঃসন্দেহে উপকৃত হতে পারেন রাজ্যের বহু চাকরিপ্রার্থী। একদিকে নতুন নিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে চাকরি হারানো প্রার্থীদের ভবিষ্যৎ নিয়েও আশার আলো দেখা যাচ্ছে। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল পরিবারের অনেক মেধাবী পড়ুয়া ও যুবক-যুবতী আবেদন ফি জোগাড় করতে না পারায় সরকারি চাকরির পরীক্ষায় বসার সুযোগ হারান। এবার আবেদন ফি মকুব হলে তাঁদের সেই বাধা অনেকটাই কমবে। ফলে আর্থিক পরিস্থিতির কারণে নয়, বরং যোগ্যতা ও মেধার ভিত্তিতেই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা।

google button