প্রীতি পোদ্দার, কলকাতা: এই কয়েকদিনের ব্যবধানে বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণিঝড়ের দাপট লেগেই রয়েছে, আর যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিবাদল হয়েই চলেছে। যদিও এখন ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ নিষ্ক্রিয় হয়েছে। এবার পালা কনকনে শীতের। আজ অর্থাৎ সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির আপডেট থাকলেও আগামীকাল (Weather Tomorrow) থেকে একদমই শুষ্ক থাকতে চলেছে আবহাওয়া। শুধু তাই নয়, উত্তর ও দক্ষিণবঙ্গের পারদও অনেকটা কমতে চলেছে।
পারদ পতনের সম্ভাবনা
ঘূূর্ণিঝড় আকভানের দুর্যোগ কেটে গেলেও এই মুহূর্তে বিক্ষিপ্ত বৃষ্টির আমেজ বজায় রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ, সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে আকাশ বেশ মেঘলা এবং কুয়াশায় ঢাকা ছিল। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মূলত পরিষ্কার হয়ে গিয়েছিল। আপাতত আজ বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। জানা গিয়েছে কিছুদিন পর থেকেই তাপমাত্রা কমতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে করতে পারে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রাস পূর্ণিমার দিন সকালে হালকা কুয়াশাচ্ছন্ন থাকবে একাধিক এলাকা। আকাশ আংশিক মেঘলা থাকলেও শহরের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। বেলা বাড়তেই রোদের ঝিলিক দেখা যাবে। সবমিলিয়ে শুষ্কই থাকবে আবহাওয়া। আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে কমতে শুরু করবে সর্বনিম্ন তাপমাত্রা। আশা করা যাচ্ছে বুধবার থেকে শুক্রবারের মধ্যে পারদ আরও কমে ১৮ ডিগ্রির আশপাশে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় উত্তুরে হাওয়া প্রবেশে আপাতত আর কোনও বাধা থাকছে না।
আরও পড়ুন: ১০,১৪৬ পদে নিয়োগ, গো-হত্যা নিষেধাজ্ঞার ঘোষণা মুখ্যমন্ত্রীর
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
এইমুহুর্তে উত্তরবঙ্গে আবহাওয়া সংক্রান্ত নতুন কোনও সতর্কতা জারি করা হয়নি। হাওয়া অফিস জানিয়েছে আগামীকাল মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের সমগ্র জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এবার পারদ পতনের পালা উত্তরের জেলাগুলিতে। ইতিমধ্যেই সমতলের এলাকাগুলির মধ্যে আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি এলাকায় দার্জিলিংয়ে পারদ নেমেছিল ৭ ডিগ্রিতে। বুধবার থেকে আরও কমবে পারদ।


