আনিষা চৌধুরী, কলকাতা: আধ্যাত্মিকতার আবহে তৈরি কোনও ছবি যখন বড়পর্দায় আসে, তখন তা শুধু বিনোদন নয়, দর্শকের বিশ্বাস ও আবেগের সঙ্গেও জড়িয়ে যায়। তেমনই এক সাধকের জীবনকাহিনি নিয়ে তৈরি হয়েছে বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’ (Sadhak Bamakhyapa)। গত ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরিচালক সায়ন্তন ঘোষালের এই ছবি। বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী। এছাড়াও রয়েছেন পায়েল দে, সাহেব চট্টোপাধ্যায়, শঙ্খদীপ বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য অভিনেতারা। ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ। চলুন দেখে নেওয়া যাক, মুক্তির পর বক্স অফিসে কেমন ফলাফল করল এই ছবি।
কতটা হিট ‘সাধক বামাক্ষ্যাপা’
বক্স অফিসের হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দিন অর্থাৎ ২০ নভেম্বর ছবিটির ঝুলিতে এসেছিল প্রায় ৯ লক্ষ টাকা (India Net)। দ্বিতীয় দিনে সেই অঙ্ক একলাফে বেড়ে দাঁড়ায় ২০ লক্ষ টাকায়। এরপর রবিবার, অর্থাৎ মুক্তির তৃতীয় দিনে ছবিটির আয় আরও বৃদ্ধি পায়। ওই দিন প্রায় ৩৭ লক্ষ টাকা সংগ্রহ করে ‘সাধক বামাক্ষ্যাপা’। Sacnilk-এর রিপোর্ট অনুযায়ী, প্রথম তিন দিনে ছবিটির মোট ইন্ডিয়া নেট কালেকশন প্রায় ৬৬ লক্ষ টাকা। অন্যদিকে ইন্ডিয়া গ্রস কালেকশন দাঁড়িয়েছে প্রায় ৭৫ লক্ষ টাকায়। প্রথম দিনের তুলনায় তৃতীয় দিনে ছবির আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এবার আসা যাক ছবিটির বাজেটের কথায়। সূত্র অনুযায়ী, ছবিটি তৈরিতে আনুমানিক ৪ কোটি টাকা খরচ হয়েছে। যদিও এই বাজেট প্রযোজনা সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। পাশাপাশি পরিচালক সায়ন্তন ঘোষাল ব্যক্তিগতভাবে কত টাকা বিনিয়োগ করেছেন, তারও নির্ভরযোগ্য কোনও তথ্য প্রকাশ্যে নেই। তবে যেটুকু তথ্য পাওয়া গেছে সেই বাজেটের নিরিখে প্রথম তিন দিনের ৬৬ লক্ষ টাকার নেট কালেকশন এখনও পর্যন্ত খরচের তুলনায় অনেকটাই কম। তাই এখনই ছবিটিকে হিট বা ফ্লপ তকমা দেওয়া যাবে না। আগামী দিনে বক্স অফিসে ছবিটির আয় কতটা বাড়ে, সেটাই দেখার।
ছবিটি ঘিরে আরও বেশ কিছু আকর্ষণীয় তথ্য রয়েছে। প্রথমে ৫ নভেম্বর মুক্তির কথা থাকলেও পরে ছবির মুক্তির দিন পিছিয়ে ২০ নভেম্বর করা হয়। শুধু তাই নয়, এই ছবির জন্য দীর্ঘ প্রায় দেড় বছর ধরে শুটিং হয়েছে। বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবির গল্প ও চিত্রনাট্য তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অভিনেতা সব্যসাচী চৌধুরীর। তিনি ছবিটির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও দায়িত্ব সামলেছেন। অন্যদিকে ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
আরও পড়ুন: GTA 6-এ ১৯৮২ এর বাংলা গান! স্মৃতির অতলে হারিয়ে যাওয়া শিল্পী পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি
সব মিলিয়ে ‘সাধক বামাক্ষ্যাপা’ বাংলা ছবির জগতে এক ভিন্ন স্বাদের আধ্যাত্মিক উপস্থাপনা। বিশেষ করে বামাক্ষ্যাপার চরিত্রে সব্যসাচী চৌধুরীর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। বিভিন্ন প্রেক্ষাগৃহে অভিনেতার উপস্থিতিতে দর্শকদের আবেগপ্রবণ হওয়ার খবরও সামনে এসেছে। কারও প্রণাম, কারও চোখের জল ছবিটিকে আরও জীবন্ত করে তুলেছে। প্রথম তিন দিনের কালেকশনও ছবিটির জন্য আশাব্যঞ্জক ইঙ্গিতই দিচ্ছে। এবার সপ্তাহের বাকি দিনগুলিতে এই আয় আরও বাড়ে কি না, সেটাই দেখার। দর্শকদের ভালোবাসাকে সঙ্গী করে আগামী দিনে বক্স অফিসে আরও ভালো ফল করবে ‘সাধক বামাক্ষ্যাপা’, এমনটাই আশা হচ্ছে।


