২৮,০০০ কোটির বিনিময়ে বিক্রি টাটা স্টিলের ব্যবসা, কর্মীদের ভবিষ্যৎ কী?

Published:

Tata Steel (2)

আনিষা চৌধুরী, কলকাতা: প্রায় ২৮ হাজার কোটি টাকার চুক্তিতে নিজেদের দুটি গুরুত্বপূর্ণ ব্যবসা বিক্রি করতে চলেছে টাটা স্টিল (Tata Steel)। সংস্থার তরফে জানানো হয়েছে, স্টিলের টিউব ও পাইপ তৈরির ব্যবসা এবং টাটা স্টিল কালার্সের সম্পূর্ণ মালিকানা তুলে দেওয়া হবে APL Apollo Tubes-এর হাতে। জামশেদপুর, হোসুর, খোপোলি ও সাহিবাবাদে টাটা স্টিলের যে সমস্ত কারখানায় টিউব ও পাইপ তৈরি হয়, সেগুলিও এই চুক্তির আওতায় আসছে। তবে এই লেনদেনের জন্য প্রয়োজনীয় সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাগবে।

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল টাটা স্টিল?

সংস্থার বক্তব্য অনুযায়ী, এই পদক্ষেপের মাধ্যমে ব্যবসার সম্পদ থেকে আর্থিক মূল্য বের করে আনা এবং ডাউনস্ট্রিম ব্যবসার পরিসর নতুন করে সাজানো সম্ভব হবে। অন্যদিকে, APL Apollo-র বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ও বিভিন্ন ধরনের পণ্যের বাজারে জায়গা বিস্তার করার ক্ষমতা টিউব ও পাইপ ব্যবসার বৃদ্ধিতে সাহায্য করবে। দুই সংস্থার ব্যবসায়িক শক্তিকে এক জায়গায় এনে উৎপাদন ক্ষমতা ও লাভের পরিমাণ বাড়ানোই এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য।

টাটা স্টিলের ইতিহাসও বেশ পুরনো। ১৯০৭ সালের ২৬ অগস্ট সংস্থাটি ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ ২০২৬ সালে ১১৯ বছরে পা দিয়েছে এই সংস্থা। অন্যদিকে, APL Apollo-র যাত্রা শুরু ১৯৮৬ সালে। ফলে প্রায় চার দশকের অভিজ্ঞতা রয়েছে এই সংস্থারও। টাটা স্টিলের মতো দীর্ঘদিনের একটি সংস্থার গুরুত্বপূর্ণ ব্যবসা অন্য সংস্থার হাতে যাওয়ার সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই শিল্পমহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

চুক্তির অঙ্কের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, টাটা স্টিলের টিউব ও পাইপ ব্যবসা সর্বোচ্চ ১১,৭০০ কোটি টাকায় বিক্রি হবে। অন্যদিকে, টাটা স্টিল কালার্সের ১০০ শতাংশ শেয়ার বিক্রির মূল্য ধার্য হয়েছে ১৬,৩০০ কোটি টাকা। সব মিলিয়ে দুটি চুক্তির মোট মূল্য প্রায় ২৮ হাজার কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে টিউব ও পাইপ ব্যবসা থেকে টাটা স্টিলের আয় হয়েছিল প্রায় ১১,৩৭৫ কোটি টাকা। অন্যদিকে, টাটা স্টিল কালার্সের আয় ছিল প্রায় ৪,৬৮০ কোটি টাকা।

আরও পড়ুন: ৩০০০ নয়, ১৫০০-২০০০ করে মিলবে ভাতা, যুবশক্তি ভরসা নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

কর্মীদের ভবিষ্যৎ কী?

এবার সবচেয়ে বড় প্রশ্ন, এই ব্যবসাগুলিতে কর্মরত কর্মীদের ভবিষ্যৎ কী হবে? এই বিষয়ে চুক্তির নথিতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। টিউব ও পাইপ ব্যবসা হস্তান্তরের সময় শুধু কারখানা বা যন্ত্রপাতিই নয়, সংশ্লিষ্ট সম্পদ, চুক্তি, লাইসেন্সের পাশাপাশি কর্মীরাও চুক্তির আওতায় আসবেন। অর্থাৎ চুক্তি অনুযায়ী, ব্যবসা হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদেরও APL Apollo-র অধীনে কাজ করার কথা রয়েছে। তবে ঠিক কতজন কর্মী এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবেন এবং তাঁদের চাকরির শর্তে কোনও পরিবর্তন হবে কি না, তা নিয়ে এখনও স্পষ্ট সংখ্যা বা বিস্তারিত ঘোষণা পাওয়া যায়নি।

google button