আনিষা চৌধুরী, কলকাতা: সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি চাকরিতে নিয়োগ, চাকরির পরীক্ষায় আবেদনকারীদের ফি মকুব, বিদ্যুতের বিল দেওয়ার ব্যবস্থা-সহ একাধিক বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এরই মধ্যে অনাথ ও প্রতিবন্ধীদের আশ্রমের আবাসিকদের নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তাঁদের দৈনিক খাবারের বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
কী জানালেন মুখ্যমন্ত্রী?
এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আগে এই আশ্রমগুলির জন্য দৈনিক মাথাপিছু খাবারের বরাদ্দ ছিল ৫৬ টাকা। এবার তা বাড়িয়ে ১১০ টাকা করা হচ্ছে। অর্থাৎ আগের তুলনায় প্রতিদিন ৫৪ টাকা বেশি বরাদ্দ করা হবে। এর ফলে আবাসিকদের খাবারের পিছনে আগের তুলনায় বেশি অর্থ খরচ করা সম্ভব হবে।
উল্লেখ্য, মাত্র ৫৬ টাকার মধ্যে একজন আবাসিকের সারাদিনের খাবারের ব্যবস্থা করা যথেষ্ট কঠিন। সকালের জলখাবার থেকে দুপুরের খাবার, বিকেলের টিফিন এবং রাতের খাবার, সবকিছুর খরচ সামলাতে গিয়ে সমস্যায় পড়তে হয় আশ্রম কর্তৃপক্ষকে। পর্যাপ্ত পুষ্টিকর খাবারের ব্যবস্থা করাও অনেক ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়ায়। এই সীমিত বরাদ্দের মধ্যে আবাসিকদের খাবারের চাহিদা পূরণ করা অত্যন্ত কষ্টসাধ্য।
তবে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সেই সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। দৈনিক বরাদ্দ ১১০ টাকা হওয়ায় খাবারের তালিকায় আরও বৈচিত্র্য আনা যাবে এবং আবাসিকদের পুষ্টির দিকে বাড়তি নজর দেওয়া সম্ভব হবে। বিশেষ করে যাঁদের নিয়মিত যত্ন ও পুষ্টিকর খাবারের প্রয়োজন, তাঁদের ক্ষেত্রে এই অতিরিক্ত বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। শুধু খাবারের পরিমাণ নয়, খাবারের গুণগত মান উন্নত করার ক্ষেত্রেও এই সিদ্ধান্ত অত্যন্ত সহায়ক।
আরও পড়ুন: চাকরি ফিরে পাবেন ২৬ হাজার, নবান্ন থেকে ১ লক্ষ নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর
আসলে অনাথ ও বিশেষ চাহিদাসম্পন্ন আবাসিকদের অনেকেরই দেখভাল করার মতো নিজস্ব পরিবার বা নির্ভরযোগ্য কেউ নেই। আশ্রমই তাঁদের থাকার, খাওয়ার এবং দৈনন্দিন যত্নের অন্যতম ভরসা। তাই তাঁদের প্রয়োজনের কথা মাথায় রেখে খাবারের বরাদ্দ বাড়ানোর এই উদ্যোগ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকারি সাহায্যের মাধ্যমে তাঁদের জীবনযাত্রার মান আরও উন্নত করাই সরকারের একমাত্র লক্ষ্য।


