বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলে সুযোগ পেয়েছিলেন তেজস্বী দাহিয়া। খেলেছিলেন দুটি ম্যাচ। তবে আসন্ন IPL সিজনে তাঁকে দেখা যাবে না শাহরুখের দলে। কারণ গত 17 তারিখেই এই ভারতীয় ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কলকাতা। আর সেই ঘটনার পরই এবার ব্যাট হাতে ঘরোয়া ক্রিকেটে জ্বলে উঠলেন তেজস্বী। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেন এই ভারতীয় ক্রিকেটার। 36 বলে করেন 95 রান। অনেকেই মনে করছেন, এতে যোগ্য জবাব পেল শাহরুখের দল।
ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে প্রাক্তন দলকে জবাব তেজস্বীর!
রবিবার, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হরিয়ানার মুখোমুখি হয়েছিল দিল্লি। এদিন প্রথমে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে 232 রান তোলে রাজধানীর দলটি। আর এই আসরে দল দিল্লির হয়ে ব্যাট হাতে দাপট দেখান তেজস্বী। এদিন 36 বলে 6টি চার ও 9টি ছয় সহযোগে 95 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন ক্রিকেটার। সেই সূত্র ধরেই হরিয়ানার সামনে বড় লক্ষ্য রেখেছিল দিল্লি। যদিও পরবর্তীতে প্রতিপক্ষ দলটি সেই রান তুলতে না পারায় 43 রানের বড় ব্যবধানে জিতে যান তেজস্বীরা।
এ দিনের ম্যাচে তেজস্বীর পাশাপাশি দিল্লির হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন KKR এর প্রাক্তন ক্রিকেটার নীতিশ রানা এবং দিল্লির অধিনায়ক প্রিয়াংশ আর্য। তবে এদিনের ম্যাচে বাকি সকলের মাঝে নজর কেড়ে নিয়েছিলেন শাহরুখ খানের দলের হয়ে খেলে আসা তেজস্বী। ভারতীয় ক্রিকেটারের ব্যাটিং দেখে এদিন একপ্রকার চমকে গিয়েছিলেন দর্শকরা। ক্রিকেট মহলের অনেকেই বলছেন, নিজের ইনিংসের মধ্যে দিয়ে KKR ফ্রাঞ্চাইজিকে যোগ্য জবাব দিয়েছেন তরুণ ক্রিকেটার। কেউ কেউ বলছেন, দল থেকে বাদ পড়ার পর কলকাতাকে একপ্রকার ‘শিক্ষা’ দিলেন তেজস্বী!
আরও পড়ুন: এশিয়া কাপে পাকিস্তানের কাছে হার, তাও এই অঙ্কে সেমিফাইনালে পৌঁছবে ভারত
উল্লেখ্য, নিয়ম মেনে নির্ধারিত সময়ের মধ্যে ধরে রাখা এবং ছেড়ে দেওয়া প্লেয়ারের তালিকা প্রকাশ করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মোট 12 জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে KKR। অন্যদিকে 17 জন ক্রিকেটারকে ধরে রেখেছে তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেই সূত্রেই কলকাতার হাতে এই মুহূর্তে রয়েছে 41.65 কোটি টাকা। তা নিয়েই আগামী ডিসেম্বরের নিলামে অংশ নেবে তারা।


