আনিষা চৌধুরী, কলকাতা: রাজ্যের সাধারণ মানুষের আর্থিক সহায়তার জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে সরকার। মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে রয়েছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana), অন্যদিকে বেকার যুবক-যুবতীদের আর্থিক সাহায্য করতে চালু হতে চলেছে ভরসা স্কিম (Bharosa Scheme)। আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের ৩ হাজার টাকা পাওয়ার পাশাপাশি কি ভরসা স্কিমের টাকাও পাওয়া যাবে? এই প্রশ্নেরই স্পষ্ট উত্তর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কী বলছেন মুখ্যমন্ত্রী?
ভরসা স্কিমে স্নাতক উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা মাসে ২,০০০ টাকা এবং স্নাতক উত্তীর্ণ নন এমন যুবক-যুবতীরা মাসে ১,৫০০ টাকা করে পাবেন। সরকারি ভোকেশনাল কোর্স এবং ITI ডিপ্লোমাধারীরাও এই প্রকল্পের আওতায় থাকবেন। ২১ থেকে ৪৫ বছর বয়সিরা এই সুবিধার জন্য বিবেচিত হবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে টাকা দেওয়া শুরু হবে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তবে ভোটের আগে স্নাতকদের ৩,০০০ এবং স্নাতক নন এমন ব্যক্তিদের ২,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির সম্পূর্ণ অর্থ আপাতত কার্যকর হচ্ছে না। ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে স্নাতকদের ৩,০০০ এবং বাকিদের ২,০০০ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে।
অন্নপূর্ণা যোজনা ও ভরসা স্কিমের সুবিধা একসঙ্গে পাওয়া যাবে কি না, তা নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। দুটি প্রকল্পের টাকা একসঙ্গে দেওয়া হবে না। শুভেন্দু অধিকারীর কথায়, “যদি কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পান তবে সেই বেকার যুবতী আর ভরসা স্কিমের আওতায় থাকবেন না।” অর্থাৎ, কোনও যোগ্য যুবতী অন্নপূর্ণা যোজনায় মাসে ৩,০০০ টাকা পেলে তিনি ভরসা প্রকল্পের সুবিধা পাবেন না। শুধু তাই নয়, অন্নপূর্ণার উপভোক্তা হলে নতুন করে ভরসা স্কিমে আবেদন করেও এই সুবিধা পাওয়া যাবে না।
এই বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগের সরকারের চালু করা প্রকল্পের আওতায় থাকা মোট ৫৪ লক্ষ উপভোক্তার নথি ও যোগ্যতা যাচাই করা হচ্ছে। তাঁদের মধ্যে ইতিমধ্যেই ২ লক্ষ ৫২ হাজার ৯৩০ জন অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। তাই ভরসা স্কিমের তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হবে। পাশাপাশি, একটি পরিবার থেকে সর্বোচ্চ দু’জন এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ, পুরনো উপভোক্তাদের যাচাইয়ের পাশাপাশি নতুন প্রকল্পে কারা যোগ্য, তা-ও খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন: প্রায় ডাবল, অনাথ ও প্রতিবন্ধীদের আশ্রমে দৈনিক খাবারের বরাদ্দ বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, মমতা ব্যানার্জির সরকারের আমলেও বেকার যুবক-যুবতীদের আর্থিক সাহায্যের জন্য বাংলার যুবসাথী প্রকল্প চালু করা হয়েছিল। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের ঘোষণা করা হয়। এর আওতায় যোগ্য বেকার যুবক-যুবতীদের মাসে ১,৫০০ টাকা করে দেওয়ার কথা ছিল। এবার সেই যুবসাথী প্রকল্পের পরিবর্তে নতুন করে ভরসা কর্মসূচি চালু করছে রাজ্য সরকার। আগের প্রকল্পের নিয়মেও অন্য সরকারি আর্থিক ভাতার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। এবার অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের ক্ষেত্রেও সেই বিষয়টি স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী।


