প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালিদের কাছে ভাত (Rice) হল স্বর্গের অমৃত। এককথায় ভাত হল সকলের কমফোর্ট ফুড। অনেক সময় দেখা যায় রাতে বাড়িতে খাবার রান্না হলে ভাত অবশিষ্ট থাকে। আর এই অবশিষ্ট ভাত স্বাভাবিকভাবেই পরের দিন বাসি হয়ে যায়। তাই ইচ্ছা না থাকেলও খাবার ফেলে দিতে হয়। কিন্তু এবার সেই বাসি ভাত না ফেলে বাড়িতেই বানিয়ে ফেলুন লোভনীয় এক পদ। আর সেটি হল বাসি ভাতের চিজ কাটলেট (Rice Cheese Cutlet)। চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
উপকরণ
বাসি ভাতের চিজ কাটলেট বানানোর জন্য যে যে উপকরণগুলো প্রয়োজন সেগুলি হল – ১ বাটি ভাত, হাফ বাটি সুজি, ৮ কোয়া রসুন, ৫টি কাঁচালঙ্কা, সাদা জিরে, চিনা বাদাম, ক্যাপ্সিকাম কুচি, নুন, ধনেপাতা, চিজ, গোলমরিচ, অরিগ্যানো, সাদা তেল, ব্রেড ক্রাম্পস, ডিম।
রান্নার পদ্ধতি
- প্রথমে আগের দিনের বাসি ভাত ফ্রিজ থেকে বের করে একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিতে হবে। এরপর তাতে পরিমাণ অনুযায়ী হাফ কাপ সুজি নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মাখো মাখো হয়ে এলে একটি বাটিতে ঢেলে নিতে হবে।
- এরপর একটি ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল গরম করে ওর মধ্যে ৮ কোয়া রসুন, ৫টি কাঁচালঙ্কা এবং হাফ চা চামচ সাদা জিরে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে।
- এরপর এই রসুন, কাঁচালঙ্কাগুলো হালকা করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে বেশ কয়েকটি চিনা বাদাম এবং ক্যাপ্সিকাম কুচি দিয়ে দিতে হবে। এর সঙ্গে আবার সামান্য নুন দিয়ে দিতে হবে। সেটিও ২-৩ মিনিট হালকা ভেজে নেওয়ার পর ওর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে।
- ভাজা সবজিগুলো এবার একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন যেন বেশি মিহি না হয়ে যায়। এরপর সেটিকে আলাদা পাত্রে ঢেলে ওর মধ্যে বড় চামচের অন্তত ৪-৫ চামচ চিজ, গোলমরিচ এবং সামান্য অরিগ্যানো দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
আরও পড়ুন: রাস পূর্ণিমার ভোগে বানান পারফেক্ট চিনির নারকেল নাড়ু, রইল পদ্ধতি
- এবার বেটে রাখা ভাতের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে অল্প অল্প করে লেচি অনুযায়ী গোল করে নিতে হবে। তারপর সেটিকে চ্যাপ্টা করে ওর মধ্যে চিনা বাদাম এবং ক্যাপ্সিকামের মশলাটা দিয়ে ভালো করে পুনরায় গোল করে নিতে হবে।
- একটি বাটিতে ব্রেড ক্রাম্পস নিয়ে নিতে হবে এবং ওর মধ্যে সামান্য নুন মিশিয়ে দিতে হবে। আরেকটি বাটিতে ডিম ফাটিয়ে নিতে হবে। এরপর কাটলেটগুলো প্রথমে ব্রেড ক্রাম্পসের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে ডিমের গোলায় চুবিয়ে নিয়ে হবে। এরপর পুনরায় ব্রেড ক্রাম্পসের মধ্যে দিয়ে দিতে হবে।
- অন্যদিকে কড়াইতে সাদা তেল গরম করে ওই কাটলেটগুলো ডুবো তেলের মধ্যে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। ব্যস একটি বাটিতে টমেটো সস, মেয়োনিজ দিয়ে গরম গরম ভাতের চিজ কাটলেট পরিবেশন করুন। সকলের বেশ ভালো লাগবে।


