সরস্বতী পুজো ২০২৭ কত তারিখে? দেখুন বসন্ত পঞ্চমীর দিনক্ষণ, তিথিনক্ষত্র ও আচারবিধি

Published:

Saraswati Puja 2027

সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে সরস্বতী পুজো কত তারিখে (Saraswati Puja 2027)? বিদ্যা, জ্ঞান, সংগীত এবং শিল্পকলার দেবী সরস্বতীর আরাধনার উৎসব, যেটি প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয়। এমনকি এটিকে বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমীও বলা হয়ে থাকে। আর এটি বসন্তের আগমনের সূচনাকেও নির্দেশ করে। শিক্ষার্থীদের ভালো পড়াশোনা, বুদ্ধি এবং জ্ঞানের আশীর্বাদের জন্য দেবী সরস্বতীর পুজো করা হয়ে থাকে। তবে আগামী বছর ২০২৭ সালে সরস্বতী পুজো কত তারিখে, সময়সূচি কী রয়েছে এবং পুজোর নিয়মকানুন কী রয়েছে তা জানতে অবশ্যই পড়ুন প্রতিবেদনটি।

সরস্বতী পুজো ২০২৭ (Saraswati Puja 2027)

বিদ্যার দেবী সরস্বতীর আরাধনার জন্যই এই দিনটি জ্ঞান, শিল্প, সংগীত এবং সৃজনশীলতার উৎসব হিসেবে পালিত হয়। শীতের বিদায় এবং বসন্তের আগমনে হলুদ ও সাদা পোশাক, অঞ্জলি, হাতে খড়ি এবং স্কুল-কলেজ ও পাড়ার মণ্ডপের প্রাণবন্ত পরিবেশ এই উৎসবের দিনটিকে আরও মুখিয়ে তোলে। শিশুর প্রথম অক্ষর পরিচয়ের হাতে খড়ি থেকে শুরু করে স্কুল-কলেজ এবং পাড়ার মণ্ডপে মণ্ডপে ভোরবেলা পুষ্পাঞ্জলিই সরস্বতী পুজোর আসল আমেজ। এমনকি অন্ধকার দূর হয়ে সবার জীবনে এদিন শিক্ষার আলো ফুটে ওঠে বলেই বিশ্বাস করা হয়।

সরস্বতী পুজো ২০২৭ দিনক্ষণ ও সময়সূচি

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বলছে, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী পড়ছে ১১ ফেব্রুয়ারি ২০২৭, বৃহস্পতিবার। এদিকে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটি ২৭ মাঘ ১৪৩৩—

  • পঞ্চমী তিথি শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি ২০২৭, বুধবার রাত ১২:৪৪ মিনিটে।
  • পঞ্চমী তিথি শেষ হচ্ছে ১১ ফেব্রুয়ারি ২০২৭, বৃহস্পতিবার রাত ১২:২৪ মিনিটে।

সরস্বতী পুজোর গুরুত্ব

আসলে সরস্বতী দেবী হলেন বিদ্যার সঙ্গী এবং শিল্পকলার দেবী। এই দিন ছাত্র-ছাত্রী, শিক্ষকরা বই এবং পড়াশোনার জিনিস ও বাদ্যযন্ত্রের পুজো করেন। পূর্ব ভারতে বিশেষ করে বাংলা, বিহার, ওড়িশা, অসমে সরস্বতী পুজোর বিশেষ প্রচলন রয়েছে। আর এই দিনটিতে হলুদ বস্ত্র, হলুদ ফুল, হলুদ খাবার মা সরস্বতীকে অর্পণ করা হয়। তাছাড়া বিয়ে, গৃহপ্রবেশ এই দিনে সবচেয়ে বেশি হয়।

সরস্বতী পুজোর নিয়মকানুন

সরস্বতী পুজোর কিছু বিধিনিষেধ বা নিয়মকানুন রয়েছে। সেগুলি মেনে চললে দেবীর কৃপা বর্ষিত হয় বলেই বিশ্বাস করা হয়—

  • এদিন ভোরে উঠেই পুজোর স্থান পরিষ্কার করুন। অনেকেই এদিন গায়ে নিম, হলুদ মেখে এবং জলে নিম-তুলসী দিয়ে স্নান করেন।
  • পুজোর অঞ্জলি না দেওয়া পর্যন্ত এদিন সকলেই উপবাস থাকেন। তবে স্নান সেরে হলুদ বা সাদা রঙের পরিষ্কার পোশাক পরে নেওয়া উচিত।
  • দেবীর পিঁড়িতে সাদা বা হলুদ কাপড় পেতে মূর্তি বা ছবি স্থাপন করুন। এরপর গঙ্গাজল ছিটিয়ে স্থানটিকে শুদ্ধ করে আতপ চালের উপর খর, আমপাতা ও সিঁদুরের স্বস্তিক দিয়ে পুজো শুরু করতে হয়।
  • সরস্বতী পুজোয় কুল, নারকেল, কলা এবং অন্যান্য ফল, মিষ্টি, জোড়া সন্দেশ, বাসন্তী রংয়ের ফুল, বেলপাতা এবং প্রদীপ দেওয়ার প্রথা প্রচলন রয়েছে।
  • পড়াশোনার বই, খাতা, কলম এবং বাদ্যযন্ত্র দেবীর সামনে রেখে আশীর্বাদ প্রার্থনা করা হয়।
  • এদিন সকালে পঞ্চমীতে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। এমনকি সন্ধ্যাবেলা আরতি ও ভোগ নিবেদনের প্রথা প্রচলিত রয়েছে।
  • তবে পুজোর পরদিন সকালে দধিকর্মা সেরে প্রতিমা নিরঞ্জন বা বিসর্জন দেওয়া হয়।

আরও পড়ুন: মকর সংক্রান্তি ২০২৭ কত তারিখে? দেখুন দিনক্ষণ, সময়সূচি ও আচারবিধি

সরস্বতী পুজোর অঞ্জলির মন্ত্র

সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে যে মন্ত্রটি না উচ্চারণ করলেই নয় সেটি হল—

ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে॥
ওঁ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ॥
এষ সচন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলিঃ ওঁ শ্রীশ্রীসরস্বতীদেব্যৈ নমঃ॥

google button