অনন্যা সরকার, কর্ণাটক: দীর্ঘদিন মানসিক হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে যখন রবি কুমার বাড়িতে ফিরে গিয়েছিলেন, আশা করেছিলেন পরিবারের সবাই তাকে সাদরে গ্রহণ করবে, কিন্তু তার ভাইয়েরা তাকে ফিরিয়ে দেয়। নিজের পরিবার যখন মুখের ওপর দরজা বন্ধ করে দেয়, তখন দিশেহারা হয়ে পড়েছিলেন প্রৌঢ় (Inspirational Story)। আশ্রয়, সাহায্য বা বেঁচে থাকার কোনো নির্ভরযোগ্য উপায় – কোনও কিছুই তাঁর কাছে ছিল না। সেই চরম দুঃসময়ে বেঙ্গালুরুর ‘নিউ আর্ক মিশন অফ ইন্ডিয়া’ (New Ark Mission of India) পরিচালিত ‘হোম অফ হোপ’ (Home of Hope)-এ মাথা গোঁজার ঠাঁই পান রবি কুমার। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠান তার কাছে নতুন এক পরিবার হয়ে উঠেছে, যার প্রতি কৃতজ্ঞতা থেকে নির্দ্বিধায় নিজের সমস্ত সম্পদ দান করেছেন।
হোম অফ হোপে ৮০ লক্ষ টাকা দান করেন রবি কুমার
থমাস রাজা, যিনি ‘অটো রাজা’ নামেই বেশি পরিচিত তাঁর প্রতিষ্ঠিত এই আশ্রয়কেন্দ্রটি সমাজের ব্রাত্য, অসহায় এবং শারীরিক বা মানসিকভাবে অসুস্থ মানুষদের যথাযথ সেবা, আশ্রয় ও মর্যাদা দেয়। সেখানে রবি কেবল খাদ্য আর বাসস্থানের সন্ধানই পাননি, তার সাথেই পেয়েছেন সম্মান, বিশ্বাস এবং নিজের জীবন নতুন করে গড়ার সুযোগ। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার পর তিনি হোম অফ হোপে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ শুরু করেন। একদিন যে জায়গা তাঁকে আশ্রয় দিয়েছিল, আজ সেখানকার সুরক্ষার দায়িত্বই তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন।
কিছু বছর পর তার ভাইয়েরা তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে দেয়। রবি তার অংশ হিসেবে ৮০ লক্ষ টাকা পান। তবে তিনি এই অর্থ নিজের ব্যক্তিগত প্রয়োজনে খরচ করেননি বা সঞ্চয় করেননি। বরং যে নিউ আর্ক মিশন অফ ইন্ডিয়া তার সবচেয়ে কঠিন সময়ে তাকে আপন করে নিয়েছিল, তিনি পুরো অর্থ সেই সংস্থাটির হাতেই তুলে দেন। রবি জানান, এই অর্থের তাঁর কাছে কোনো মূল্য নেই, কারণ তিনি এখানে জীবনের এক নতুন উদ্দেশ্য খুঁজে পেয়েছেন এবং এখন সম্মানের সাথে জীবনযাপন করছেন। এমনকি হোম অফ হোপের কাজের বিনিময়ে তিনি কোনো বেতনও নেন না।
আরও পড়ুন: মায়ের অকাল মৃত্যুর শোক সামলে পড়াশোনা, NEET ক্র্যাক করে হাউস সার্জন কৃষকের মেয়ে প্রগতি
রবি কুমারের এই জীবনসংগ্রাম এবং নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার কাহিনী মনে করিয়ে দেয় যে, রক্তের সম্পর্কই সবসময় নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা দেবে এমনটা নয়। প্রকৃত পরিবার তারাই হয়ে উঠতে পারে, যারা অন্ধকারের মধ্যে আশার আলোর মতো সাহায্যের হাত বাড়িয়ে দেয়, হারানো মর্যাদা ফিরিয়ে দেয় এবং জীবনের নতুন মানে খুঁজে পেতে সাহায্য করে।


