ব্যান হওয়া সত্ত্বেও ভারতের বাজারে বিক্রি হচ্ছে পাকিস্তানি ক্রীম, লাগালেই শরীরে ঢুকছে বিষ

Published:

Pakistani Creams

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে (India) নিষিদ্ধ থাকা সত্ত্বেও বাজারে দেদার বিক্রি হচ্ছে পাকিস্তানে তৈরি হওয়া কিছু স্কিন-লাইটেনিং ক্রীম (Pakistani Creams)। সম্প্রতি এই ধরনের কসমেটিকস নিয়ে দেশের একাধিক জায়গায় জারি হয়েছে সতর্কতা। রিপোর্ট অনুযায়ী, নিষিদ্ধ ওই পাকিস্তানি ক্রীমগুলির বেশিরভাগেই নির্ধারিত সীমার তুলনায় বিপজ্জনক মাত্রায় ভারী ধাতু বা হেভি মেটাল পাওয়া গিয়েছে। এরমধ্যে রয়েছে ‘গোরি বিউটি ক্রীম’ এবং ‘চাঁদনি হোয়াইটেনিং ক্রীম’। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভারতে বিক্রির অনুমতি নেই এই দুই পণ্যের।

ভারতে বিক্রি হচ্ছে পাকিস্তানের নিষিদ্ধ ফেস ক্রীম

ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা CDSCO জানিয়েছে, গোরি বিউটি ক্রীম এবং চাঁদনি হোয়াইটেনিং ক্রীম নামক দুই পণ্যের ভারতে আমদানি এবং বিক্রির অনুমতি নেই। বেশ কয়েকটি পরীক্ষায় দেখা গিয়েছে, এই ধরনের ক্রীমে নির্ধারিত সীমারও তুলনায় অনেকটাই বেশি হেভি মেটাল রয়েছে। মূলত সে কারণেই এই ধরনের ক্রীম থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, এইসব কসমেটিকসে যে ধরনের উপাদান রয়েছে তার শরীরের জন্য বিষ।

গোটা বিষয়টি নিয়ে একেবারে আতঙ্কিত হয়ে পড়েছেন দেশের স্বাস্থ্য সচেতন মানুষজন। সম্প্রতি মহারাষ্ট্রের নান্দেড় থেকে উদ্ধার হওয়া কয়েকটি ক্রীমের পরীক্ষার রিপোর্ট সামনে এসেছে। সরকারি পরীক্ষাগারে একটি Parley 24K Gold Gleam Beauty Cream-এ 48,453.44 PPM পর্যন্ত পারদ পাওয়া গিয়েছে, যেখানে গ্রহণযোগ্য সীমা মাত্র 1 PPM। এদিকে Goree Beauty Cream with Lycopene-এ 6924.94 PPM পারদ পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: চেয়েছিল সাহায্য, নেপালকে ২৪,০০০ কোটি রুপির প্যাকেজ দিয়েই দিল ভারত

কী কী ক্ষতি হতে পারে এই ক্রীমে?

চিকিৎসকদের দাবি, দীর্ঘদিন অতিরিক্ত পারদ বা অন্যান্য বিষাক্ত ভারী ধাতুর সংস্পর্শে থাকলে ত্বকের পাশাপাশি কিডনি ও স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। চলতি মাসেই মধ্যপ্রদেশের FDA-ও পাকিস্তানে তৈরি গোরি বিউটি ক্রীম এবং চাঁদনি হোয়াইটেনিং ক্রীম ব্যবহার বন্ধ করার জন্য স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। প্রশ্ন উঠছে, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কীভাবে ভারতে ঢুকছে এইসব পাকিস্তানি পণ্য? বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই ধরনের কসমেটিকস পণ্য উদ্ধার করার সাথে সাথে ভবিষ্যতে কোনও ক্রীম কেনার আগে অবশ্যই প্যাকেটে ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নম্বর, প্রস্তুতকারকের তথ্য, ব্যাচ নম্বর, উৎপাদনের তারিখ, এক্সপায়ারি ডেট এবং আমদানি করা পণ্যের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বরের মতো বিষয়গুলি যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ।

google button