অনন্যা সরকার, রাজস্থান: আর্থিক অনটন অনেকের জন্যই জীবনের স্বপ্ন পূরণের পথে বিশাল বাধা হয়ে দাঁড়ায়। তবে যারা কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে চেষ্টা চালিয়ে যান, তারা ঠিক সাফল্য অর্জন করে নিতে পারেন। এই কথাটিই প্রমাণ করে দেখিয়েছেন রাজস্থানের ঝালাওয়ার জেলার ভুমারি গ্রামের গোবিন্দ মীনা, যিনি তফসিলি উপজাতি (ST) বিভাগে ৭৭তম স্থান অর্জন করেছেন (NEET UG Success Story of Govind Meena)। তাঁর এই সাফল্যে শুধু তাঁর পরিবারই নয়, আত্মীয়স্বজন থেকে গ্রামবাসী – সবাই অত্যন্ত আনন্দিত।
কৃষক পরিবারের গর্ব হয়ে উঠেছেন গোবিন্দ মীনা
গোবিন্দের বাবা বাবু লাল মীনা ও মা বারজি বাই কৃষিকাজ করে সংসার চালান। নিজেরা নিরক্ষর হওয়া সত্ত্বেও, তাঁরা শিক্ষার গুরুত্ব বুঝেছিলেন এবং আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তাঁদের তিন সন্তানের পড়াশোনা নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। গোবিন্দের দুই বোনও এমবিবিএস (MBBS) ডিগ্রি অর্জনের জন্য পরিশ্রম করছেন। বর্তমানে একজন কোটায় এবং অন্যজন ভরতপুরে পড়াশোনা করছেন।
দশম শ্রেণিতে ৯৮.১৭% নম্বর পাওয়ার পর, গোবিন্দের ডাক্তার হওয়ার ইচ্ছা আরও প্রবল হয়ে ওঠে। এছাড়া, তাঁর স্কুলের শিক্ষকরাও তাঁকে এবিষয়ে অনেক উৎসাহ দিতেন। কোভিড-১৯ অতিমারীর সময় যখন স্কুলগুলো বন্ধ ছিল, তখনও তিনি পড়াশোনা চালিয়ে যান ও দ্বাদশ শ্রেণিতে ৮৭.৪০% নম্বর অর্জন করেন। তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হন, জীববিজ্ঞানে ৯৬, রসায়ন ও হিন্দিতে ৯০ করে, ইংরেজিতে ৭৬ এবং পদার্থবিজ্ঞানে ৮৫ নম্বর পান।
আরও পড়ুন: মায়ের অকাল মৃত্যুর শোক সামলে পড়াশোনা, NEET ক্র্যাক করে হাউস সার্জন কৃষকের মেয়ে প্রগতি
কোভিড ১৯ অতিমারীর সময়, অনলাইন পড়াশোনার সুবিধার্থে তাঁর বাবা তাঁকে একটি মোবাইল ফোন উপহার দেন। গোবিন্দ জানান, এই ফোনটি তাঁর পড়াশোনা চালিয়ে যাওয়া অনেক সহজ করে তুলেছিল। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি মোশন এডুকেশন (Motion Education) কোচিং সেন্টারে ভর্তি হন, যেখান থেকে তিনি প্রচুর সহায়তা পেয়েছিলেন। বিশেষ করে অশোক স্যারের নির্দেশনায় তাঁর নিট পরীক্ষার প্রস্তুতি অনেক বেশি সুপরিকল্পিত হয়।
নিটের আগে কঠোর রুটিন মেনে চলতেন গোবিন্দ। প্রতিদিন ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ঘুম থেকে উঠতেন এবং বাড়িতে দুই থেকে তিন ঘণ্টা পড়াশোনা করতেন। এরপর, দুপুর ১:০০ থেকে রাত ৮:৩০ টা পর্যন্ত তিনি পড়াশোনায় সময় দিতেন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা প্রস্তুতি তাঁকে নিট পরীক্ষায় এসটি (ST) বিভাগে ৭৭তম র্যাঙ্কটি এনে দিয়েছে। গোবিন্দ মীনার এই সাফল্য প্রমাণ করে কঠোর পরিশ্রম করার ক্ষমতা, অধ্যবসায় এবং মনের মধ্যে কিছু অর্জনের আকাঙক্ষা থাকলে – যেকোনো পরিস্থিতির সাথে মোকাবিলা করে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব।


