আনিষা চৌধুরী, কলকাতা: শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি না পেলে যেন ঘুমটা কাটতেই চায় না! অনেকের কাছেই দিনের শুরুটা হয় এক কাপ গরম কফির সঙ্গে। আবার বিকেলের আড্ডা কিংবা কাজের ফাঁকে ক্লান্তি দূর করতেও কফির জুড়ি মেলা ভার। তবে একটা বিষয় কখনও ভেবে দেখেছেন, ক্যাফেটেরিয়ায় যে মিল্ক কফি খেতে এত ভালো লাগে, বাড়িতে বানালে সেই একই স্বাদ পাওয়া যায় না কেন? আসলে কফি ও দুধের সঠিক অনুপাত এবং তৈরির কয়েকটি কৌশলই স্বাদের পার্থক্যের প্রধান কারণ। তবে সহজ কয়েকটি পদ্ধতি অবলম্বন করলে আপনিও বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন ক্যাফেটেরিয়া স্টাইলের মিল্ক কফি (Coffee)।
উপকরণ:
প্রথমেই জেনে নেওয়া যাক এই মিল্ক কফি বানাতে কী কী প্রয়োজন। এর জন্য দরকার,
- ১ কাপ দুধ
- ১ চা চামচ ভালো মানের ইনস্ট্যান্ট কফি পাউডার
- ১-২ চা চামচ চিনি (স্বাদ অনুযায়ী)
- ১ চা চামচ গরম জল
- সামান্য কোকো পাউডার (ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন)
প্রস্তুত প্রণালী:
১. কফির মিশ্রণ তৈরি:
প্রথমে একটি কাপে কফি পাউডার, চিনি ও গরম জল নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। মিশ্রণটি হালকা ঘন ও ফেনাযুক্ত না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
২. দুধ গরম করুন:
এবার একটি পাত্রে দুধ নিয়ে মাঝারি আঁচে গরম করুন। দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন।
৩. দুধ ও কফি মেশান:
এবার ফেটিয়ে রাখা কফির মিশ্রণে ধীরে ধীরে গরম দুধ ঢেলে দিন। উপর থেকে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। চাইলে দুধের ফেনাও যোগ করতে পারেন।
৪. পরিবেশন:
সবশেষে উপর থেকে সামান্য কোকো পাউডার ছড়িয়ে দিন। তৈরি আপনার ক্যাফেটেরিয়া স্টাইলের মিল্ক কফি!
আরও পড়ুন: ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করা যাবে খাবার, জানুন ৫টি সহজ উপায়
কিছু জরুরি টিপস
ভালো স্বাদের জন্য উন্নত মানের কফি পাউডার ব্যবহার করুন। দুধ যেন খুব বেশি জ্বাল দিয়ে ঘন না হয়ে যায়, সেদিকেও খেয়াল রাখবেন। আর কফির আসল স্বাদ ও গন্ধ উপভোগ করতে বানানোর পর গরম থাকতে থাকতেই চুমুক দিন। অনেকেই বাড়িতে কফি তৈরি করার সময় গরম দুধের মধ্যে কফি পাউডার আর চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে পরিবেশন করেন, এতে কিন্তু ক্যাফেটেরিয়া স্টাইলের স্বাদ পাবেন না।


