সহেলি মিত্র, কলকাতা: বড় ঘটনা ঘটে গেল শিয়ালদহে (Sealdah)। বসে গেল ব্রিটিশ আমলের রেললাইন। হ্যাঁ ঠিকই শুনেছেন। জানা গিয়েছে, শিয়ালদহ দক্ষিণ শাখায় ইটের তৈরি ব্রিটিশ আমলের ভূগর্ভস্থ নিকাশি নালা ভেঙে গিয়েছে। এই ঘটনার জেরে এলাকাবাসী থেকে শুরু করে রেল যাত্রীদের মধ্যে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কীভাবে এরকম ঘটনা ঘটল? তা নিয়ে তদন্ত শুরু করেছেন রেলের ইঞ্জিনিয়াররা।
শিয়ালদহে রেললাইনের নীচে ধস
সূত্রে খবর, মূলত শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন লাইনে ধস নেমেছে। জলের পাইপ লাইন ফেটে এই বিপত্তি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ধস মেরামতির কাজ চলছে! যদিও বা লুপ লাইনে বিপত্তি হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে এখনও কোনও প্রভাব পড়েনি বলে রেল সূত্রে খবর। স্থানীয় সূত্রে খবর, স্টেশন থেকে বেরিয়ে কিছুটা এগোলেই থাকা একটি বহু পুরনো নিকাশি নালা গত রবিবার থেকে ধসতে শুরু করে। গত দু’দিনে আরও ভয়াবহ আকার নেয়। এর জেরেই উপরের রেললাইনটি নিচের দিকে বসে যায়।
পুরসভার নিকাশি বিভাগের তরফে দাবি করা হয়েছে, ওই নিকাশি নালা ১৮৭০ সালে তৈরি। যে ১৩ মিটার অংশ ভেঙেছে, সেখানে নিকাশি নালার উপরে কোনো ছাদ ছিল না। লোহার শিটের উপর পাতা ছিল রেললাইন। দীর্ঘদিনের পুরনো হওয়ায় সেই লোহার শিট ভেঙেই রেললাইন বসে যায়। আর তাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে শতাব্দী প্রাচীন নিকাশি।
আরও পড়ুনঃ হাওড়া ডিভিশনে ১২টি ট্রেন বাতিল, তালিকা দিল পূর্ব রেল
চরম আতঙ্কে যাত্রীরা
যদিও রেল সূত্রে স্বস্তির খবর, ক্ষতিগ্রস্ত লাইনটি লুপ লাইন হওয়ায় মেন লাইনে যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি। পরিষেবা আপাতত স্বাভাবিক রয়েছে। সোমবার রাত থেকেই পুরসভা ও রেলের যৌথ উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে। খুব শীঘ্রই লাইন ও পাইপলাইন স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।


