বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম টেস্ট (Test Cricket) ড্র হওয়ায় ভারত এবং নিউজিল্যান্ড (New Zealand) দুই দলেরই পাখির চোখ দ্বিতীয় টেস্ট। এই আসরে জিততে পারলে সিরিজ জয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সুবিধা পাবে জয়ী দল। কাজেই দুই দলের লক্ষ্য এখন সিরিজ জেতা। এরই মাঝে দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা খেলো নিউজিল্যান্ড। 27 নভেম্বর, শুক্রবারের ম্যাচের আগে স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফাস্ট বোলার ব্লেয়ার টিকনার। জানা যাচ্ছে, চোট থাকার কারণে ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট খেলতে পারবেন না তিনি।
ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই চাপে পড়ে গেল নিউজিল্যান্ড!
নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, দাপুটে পেসার টিকনার হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন, ঠিক সে কারণেই ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি। আপাতত বিশ্রামে রাখা হবে এই খেলোয়াড়কে। এই ঘটনা অবশ্য নিউজিল্যান্ড দলের জন্য বড় ধাক্কা সে কথা বলাই যায়। যদিও ইতিমধ্যেই টিকনারের বদলির নাম ঘোষণা করে দিয়েছে কিউই বোর্ড। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বদলি হিসেবে যে প্লেয়ারকে নামানো হচ্ছে ভারতের বিরুদ্ধে উইকেট তোলার ক্ষমতা রয়েছে তাঁর।
জানা গিয়েছে, অভিজ্ঞ পেসারের বদলি হিসেবে মাঠে নামানো হচ্ছে বিধ্বংসী ম্যাট ফিশারকে। তিনিই ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন। বলে রাখা প্রয়োজন, এই ফিশারই কিন্তু সম্প্রতি ওয়ানডে সিরিজে ভারতের বিরুদ্ধে ছয়টি উইকেট তুলেছিলেন। সবমিলিয়ে, এই প্লেয়ারকে নিয়ে বেশ খানিকটা চাপে থাকতে হবে টিম ইন্ডিয়াকে। যদিও প্রথম টেস্টের প্রথম ইনিংসে এই নিউজিল্যান্ড দলের বিরুদ্ধেই 720 রান তুলে ফেলেছিল ভারত।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার কাছে ৯১ রানে অলআউট, চরম লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ
প্রসঙ্গত, ইতিমধ্যেই নিউজিল্যান্ড দল থেকে ছিটকে গিয়েছেন মিচেল স্যান্টনার। তার উপর দাপুটে বোলার ব্লেয়ার টিকনারের অনুপস্থিতি নিউজিল্যান্ড দলের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। এদিকে প্রথম টেস্ট ড্র হয়ে যাওয়ায় WTC পয়েন্ট তালিকায় ক্ষতি হয়েছে কিউইদের। এই ম্যাচের আগে নিউজিল্যান্ড দল তালিকার দ্বিতীয় স্থানে থাকলেও ম্যাচ শেষের পর তিন নম্বরে নেমে এসেছে তারা।


