ডানা নেই তবু উড়ছে আকাশে, সফল হল উড়ন্ত গাড়ির ট্রায়াল রান

Published:

Wingless Flying Car

অনন্যা সরকার, কলকাতা: চীনা প্রযুক্তিতে তৈরি একটি ডানাবিহীন উড়ন্ত যানের (Wingless Flying Car) প্রোটোটাইপের টেস্ট রান গত ২১ নভেম্বর সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এটি নিরাপদে অবতরণও করেছে। চীনের চাংশা কাইহুই জেনারেল এয়ারপোর্টে পরিচালিত এই পরীক্ষাটি সারা বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে, কারণ এই প্রোটোটাইপটি ভবিষ্যতে ব্যক্তিগতভাবে আকাশপথে ভ্রমণ এবং আন্তঃনগর যাতায়াতের একটি সম্ভাব্য বিকল্প হয়ে উঠতে পারে। 

উড়ন্ত গাড়ির সফল টেস্ট রান

২০২৬ সালের ৩০ অক্টোবর চাংশা ইকোনমিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট জোনে শুরু হওয়া এই প্রজেক্টের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর ‘মাল্টি-স্টেজ ভেক্টর ডাক্টেড ফ্যান’ প্রযুক্তি। এই উড়ন্ত যানটির সমস্ত পাওয়ার ইউনিট এর কাঠামোর ভেতরেই রাখা হয়েছে, যার ফলে কোনো ব্লেড বাইরে বেরিয়ে থাকতে দেখা যায় না এবং খোলা রোটরের কারণে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি হ্রাস পায়। এই সিস্টেমটি বাতাসের চাপ ও ধাক্কা বা থ্রাস্টের দিক নিয়ন্ত্রণ করে হেলিকপ্টারের মতোই উল্লম্বভাবে উড়তে ও অবতরণ করতে পারে। এছাড়া এটি বাতাসে স্থিরভাবে ভেসে থাকতে বা হোভারিং করতে এবং স্থলপথ থেকে আকাশপথে যাত্রা করার ক্ষমতা রাখে। সর্বোপরি এর জন্য কোনো রানওয়ের প্রয়োজন হয় না।

এই প্রোটোটাইপটির সর্বোচ্চ ফ্লাইট ওয়েট ২৮০ কেজি, পেলোড বা বহনক্ষমতা ১২০ কেজি। গাড়িটির স্থলপথে সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার এবং আকাশে সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার। যানটি ৩,০০০ মিটার উচ্চতা পর্যন্ত উঠতে সক্ষম, তবে সাধারণত এটি ১০০ মিটার উচ্চতাতেই পরিচালিত হয়। জানা গেছে, একবার চার্জ করলে বা জ্বালানি ভরলে এটি ৩০০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে। যদিও, এর শক্তির উৎস বা চার্জিং সিস্টেম সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য এখনও সামনে আসেনি। টেস্ট রানে অংশ নেওয়া এক আসনবিশিষ্ট এই মডেলটির পাশাপাশি, ৫.৫ টন ফ্লাইট ওয়েট এবং ২ টন পেলোড ক্ষমতাসম্পন্ন একটি বড় সংস্করণও ডিজাইন করা হয়েছে। ভবিষ্যতে ২ থেকে ৪, ৬ থেকে ৮ এবং ১২ থেকে ১৫ জন যাত্রী বহন করতে সক্ষম মডেলও তৈরির পরিকল্পনা রয়েছে চীনা প্রযুক্তি সংস্থার।

আরও পড়ুন: ‘বাংলাদেশে যা হচ্ছে সব কিছুর সাথে সরাসরি যুক্ত ভারত’ বিস্ফোরক নাহিদ ইসলাম

এই উড়ন্ত যানটি পার্বত্য ও দুর্গম অঞ্চলে জরুরি পণ্য সরবরাহ করা, অগ্নিনির্বাপণ, চিকিৎসা পরিষেবা পৌঁছানো, পুলিশি টহল দেওয়া, আকাশ থেকে নজরদারির কাজ এবং বিকল্প পরিবহন মাধ্যম হিসাবে ব্যবহার করা যেতে পারে। এছাড়া, কোম্পানিটি এটিকে শহরের মধ্যে আকাশপথে ভ্রমণ এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য আকাশপথে যাতায়াতের একটি বিকল্প হিসেবেও বাজারে আনার কথা ভাবছে। ২২ নভেম্বর এই প্রোটোটাইপটিকে ইইয়াং সিভিল আনম্যানড এরিয়াল ভেহিকল ফ্লাইট টেস্ট বেসে পাঠানো হয়েছে। সেখানে বিভিন্ন পরিস্থিতিতে এর স্থিতিশীলতা ও কার্যক্ষমতা পরীক্ষা করা হবে। বড় আকারের উৎপাদন শুরুর আগে এটি বর্তমানে পাইলট টেস্টিং ফেজে রয়েছে।

google button