বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যাট হাতে অত্যন্ত শক্তিশালী ভারতের 25 বছর বয়সী প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। জাতীয় সিনিয়র দলে সুযোগ না হলেও ঘরোয়া ক্রিকেটে বারবার নিজেকে প্রমাণ করছেন এই খেলোয়াড়। এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ব্যাট হাতে তান্ডব চালিয়ে ক্রিস গেইলের বিরাট রেকর্ড ভেঙে দিলেন তিনি। বলে রাখা প্রয়োজন, গেইলের এই রেকর্ড ভাঙার স্বপ্ন দেখেন ভারতীয় ক্রিকেটের কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi), তবে দুঃখের বিষয় তিনিও আজ পর্যন্ত এই রেকর্ড ভাঙতে পারেননি।
বৈভবের স্বপ্ন সত্যি করে দেখালেন প্রিয়াংশ
চলছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। সেই টুর্নামেন্টে মঙ্গলবার মুখোমুখি হয়েছে, দিল্লি এবং তামিলনাড়ু। আর এই আসরে দিল্লির হয়ে প্রথমে ব্যাট করতে নেমে একেবারে তান্ডব চালালেন অধিনায়ক প্রিয়াংশ আর্য। দিল্লির এই বাঁ হাতি ওপেনার এদিন প্রতিপক্ষ দলের বোলারদের উপর দাপট দেখিয়ে 181 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন। 68 বলে 7টি চার ও 19টি ছয় সহযোগে নিজের ইনিংস গুছিয়ে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার।
বলাই বাহুল্য, এদিন টি-টোয়েন্টিতে 181 রান করার সাথে সাথে ক্রিকেট কিংবদন্তি ক্রিস গেইলের 175 রানের বড় রেকর্ড ভেঙে দেন তিনি। যদিও এটাই প্রথম নয়, এর আগেও একবার ওয়েস্ট ইন্ডিজ তারকার এই রান ছাপিয়ে গিয়েছিলেন আর্য। সেই সূত্রেই মাত্র দুই মাসের মধ্যে পরপর দুইবার গেইলের এই বিশেষ রেকর্ডকে ছাপিয়ে যাওয়া প্রথম ব্যাটসম্যান হয়েছেন আর্য।
এদিন, 266 স্ট্রাইক রেটে তামিলনাড়ুর বিপক্ষে আর্য যে 181 রানের বড় ইনিংস খেলেছেন সেটাই টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও ভারতীয় ব্যাটসম্যানের করা সর্বোচ্চ স্কোর। তবে এত রান করেও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের বিশ্বরেকর্ড ভাঙতে পারেননি তিনি। এই রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার লুহান ড্রিস প্রিটোরিয়াসের দখলে। চলতি বছরের অক্টোবর মাসে SA20 ম্যাচে অপরাজিত 188 রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই রেকর্ড ভাঙতে ভারতীয় ক্রিকেটার আর্যর প্রয়োজন আর মাত্র 8টি রান।
আরও পড়ুন: দ্বিতীয় টেস্টের আগেই দলে বদল, টিমে এন্ট্রি নিচ্ছেন বিধ্বংসী বোলার
তবে এসবের মধ্যেও যে বিষয়টা উঠে আসছে তা হল, এর আগে বেশ কিছু সাক্ষাৎকারে ক্রিস গেইলের 175 রানের টি-টোয়েন্টি রেকর্ডটি ভাঙার ইচ্ছে প্রকাশ করেছিলেন বৈভব সূর্যবংশী। সেটাই নাকি তাঁর স্বপ্ন। তবে ঘরোয়া ক্রিকেটে একাধিক সুযোগ পেয়েও সেই রেকর্ড ভাঙতে পারেননি 15 বছরের খেলোয়াড়। এদিকে দুই মাসের মধ্যে পরপর দুইবারও যে গেইলের 175 রানের রেকর্ডকে ভেঙে দেওয়া যায় সেটাই যেন শিক্ষা হিসেবে বৈভবের সামনে তুলে ধরলেন ভারতীয় তরুণ প্রিয়াংশ আর্য।


