১০ বছর বয়সে কাসাবের গুলিতে বিদ্ধ, ক্রাচে ভর দিয়েই দেন সাক্ষ্য! IPS হতে চান দেবিকা

Published:

26/11 witness Devika Rotawan

অনন্যা সরকার, কলকাতা: ২০০৮ সালের ২৬ নভেম্বরের সেই ভয়াবহ রাত। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাসে যখন মুহুর্মুহু গুলির শব্দ শোনা যাচ্ছে, তখন দেবিকা রোটাওয়ানের বয়স ছিল মাত্র নয় বছর (26/11 Witness), দশ বছর পূর্ণ হতে তখনও কিছুটা বাকি। ২৬/১১-এর সেই সন্ত্রাসবাদী হামলায় তাঁর ডান পায়ে গুলি লাগে। পরবর্তীকালে, জীবিত ধরা পড়া একমাত্র বন্দুকধারী আজমল কাসাবের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সবচেয়ে কম বয়সী প্রত্যক্ষদর্শী হিসেবে দেবিকা রোটাওয়ানে ইতিহাসের পাতায় নাম লেখান।

ভয়াবহ জঙ্গি হামলার পর এক ঝটকায় পাল্টে যায় দেবিকার জীবন

২৬/১১-এর ওই রাতে লস্কর-ই-তৈয়বা গোষ্ঠীর দুই জঙ্গি আজমল কাসাব ও ইসমাইল খান ছত্রপতি শিবাজী টার্মিনাসের মূল যাত্রী হলে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায় এবং গ্রেনেড ছোড়ে। সিএসটি স্টেশনে চালানো সেই নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় প্রায় ৫০ জন নিহত ও প্রায় ১০০ জন আহত হন। নয় বছরের ছোট দেবিকার শরীরে একাধিক অস্ত্রোপচার হয় এবং তাঁকে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়। শারীরিক আঘাতের পাশাপাশি, এই ঘটনা তাঁর মানসিক অবস্থার ওপরও গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। 

বেশ কয়েকটি অস্ত্রোপচারের পর, ২০০৯ সালের ১০ জুন ১০ বছরের দেবিকা ক্রাচে ভর দিয়ে মুম্বাইয়ের একটি আদালতে উপস্থিত হন। অত্যন্ত শান্তভাবে আইনজীবীদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি, তিনি সিএসটি স্টেশনে হামলাকারীদের একজন হিসেবে আজমল কাসাবকে শনাক্ত করেন। তিনি তাঁর বাবাকেই তাঁর শক্তির প্রধান উৎস বলে মনে করেন, তাঁর বাবা তাঁকে ভয় না পেতে শিখিয়েছিলেন এবং দেশের সেনাবাহিনী ও পুলিশের সাহসিকতার গল্প শুনিয়েছিলেন। দেবিকা জানান, দেশের স্বার্থে আদালতে সাক্ষ্য দেওয়াটাই তাঁর কাছে সেই সময় সঠিক কাজ বলে মনে হয়েছিল। এই ভয়াবহ জঙ্গি হামলার জন্য আজমল কাসাবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: মানসিক অসুস্থ বলে ফিরিয়ে দেয় পরিবার, আশ্রয়দাতা আশ্রমকেই ৮০ লক্ষ দান সিকিউরিটি গার্ডের

তবে, বিচার-পরবর্তী জীবন দেবিকার জন্য মোটেও সহজ ছিল না। তাঁকে নানা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। শারীরিক অসুস্থতার পাশাপাশি ছিল অর্থনৈতিক সংকট ও প্রতিশ্রুত সহায়তার জন্য দীর্ঘ অপেক্ষা। বাসস্থান ও পুনর্বাসনের জন্য সহায়তা চাওয়ার সময় আইনি জটিলতার মুখেও পড়তে হয়েছে তাঁর পরিবারকে।

তবে, এত কিছুর মধ্যেও ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে (IPS) যোগ দেওয়ার স্বপ্ন কখনোই ত্যাগ করেননি দেবিকা। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করবেন। তিনি চান, একসময় তাঁর নিজের পরিবার যে দুর্ভোগ সহ্য করেছে, অন্য কোনো পরিবারকে যেন আর তা ভোগ করতে না হয়। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ (Global Peace Honours 2026)-এ দেবিকাকে সম্মানিত করা হয়। সেখানে তিনি তাঁর ৯ বছর বয়সের ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃঢ় সংকল্পের কথাও দৃপ্ত কণ্ঠে জানান।

google button