তাক লাগানো প্রতিভা! ২ বছর বয়সেই ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এ নাম হুগলির ‘বিস্ময় বালিকা’র

Published:

Rajaswini Chakraborty enters India Book of Records

অনন্যা সরকার, হুগলি: মাত্র ২ বছর ১১ মাস বয়সের বিস্ময় বালিকা। যে বয়সে অধিকাংশ শিশু সবেমাত্র কথা বলতে বা অক্ষর চিনতে শেখে, সেই বয়সেই পান্ডুয়ার রাজস্বিনী চক্রবর্তী (Rajaswini Chakraborty) অসাধারণ স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। বাড়িতে খেলার ছলেই নানা বিষয় অনায়াসে আয়ত্ত করে ফেলেছে সে। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, পশু-পাখি, ফল-মূল নিমেষেই চিনে ফেলতে পারে ছোট্ট রাজস্বিনী। তার এই অসাধারণ প্রতিভার প্রমাণ ও ভিডিও ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ (India Book of Records)-এ জমা দেওয়া হলে, পুঙ্খানুপুঙ্খ যাচাই ও বাছাই পর্বের পর তাকে আনুষ্ঠানিকভাবে ‘আইবিআর অ্যাচিভার’ (IBR Achiever) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

তিন বছর বয়স হওয়ার আগেই বিরাট সাফল্য

২০২৩ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করা রাজস্বিনীর এই সাফল্যের নেপথ্যে রয়েছে তার বাবা-মায়ের অক্লান্ত প্রচেষ্টা ও সঠিক দিকনির্দেশনা। এই কম বয়সে মেয়ের এই অর্জনের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে গর্বিত বাবা-মা জানিয়েছেন, স্কুলে যাওয়ার আগেই জাতীয় পর্যায়ের এমন স্বীকৃতি পাওয়া রাজস্বিনীর জীবনে একটি বিরাট মাইলফলক।

গত ৩০ সেপ্টেম্বর রাজস্বিনীর পরিবারের তরফে ইন্ডিয়া বুক রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আইবিআর অ্যাচিভার মেডেলের জন্য আবেদন করা হয়। এরপর কর্তৃপক্ষের তরফে প্রতিভার প্রমানস্বরূপ প্রয়োজনীয় নথি ও ভিডিও জমা দেওয়ার কথা বলা হয়। অক্টোবর মাসে সংস্থাটি রাজস্বিনীর কৃতিত্ব যাচাই করে তার নির্বাচিত হওয়ার কথা জানায়। গত ২ নভেম্বর রাজস্বিনীর হাতে মেডেল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।  

আরও পড়ুন: ১০ বছর বয়সে কাসাবের গুলিতে বিদ্ধ, ক্রাচে ভর দিয়েই দেন সাক্ষ্য! IPS হতে চান দেবিকা

ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এর নথি অনুযায়ী, রাজস্বিনী মাত্র ২ বছর ১১ মাস বয়সে শরীরের ৪২টি অঙ্গ-প্রত্যঙ্গ, ৩০টি পাখি, ৩২টি পশু, ৮টি মাছ, ১৬টি কীটপতঙ্গ, ১০টি ফল, ৫টি ফুল, ১২টি সবজি এবং ৭টি আকার চিনতে এবং সেগুলির নাম বলতে জানে। এর পাশাপাশি ৩৪টি অঙ্গভঙ্গি প্রদর্শন, ১৮টি ইংরেজি বিপরীতার্থক শব্দ, ৬টি জাতীয় প্রতীক এবং দিন ও মাসের নাম, ছয়টি ঋতু এবং পাঁচটি আঙ্গুলের নাম গড় গড় করে বলে দিতে পারে। এছাড়া রাজস্বিনী ১ থেকে ২৪  বাংলা ও ইংরেজিতে গুনতে পারে এবং এলোমেলো করে দেওয়া ১ থেকে ১০ অবধি সংখ্যা সাজাতেও পারে। 

মেয়ের এই সাফল্যে আবেগাপ্লুত বাবা-মা। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা সকলের কাছে আশীর্বাদ চেয়েছেন। এলাকাবাসীরাও শুভকামনা জানিয়েছেন। রাজস্বিনীর এই রেকর্ড গড়ার খবর ছড়িয়ে পড়লে, প্রতিবেশী ও পান্ডুয়ার বাসিন্দারা এই খুদে প্রতিভাকে ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিয়েছেন। এত অল্প বয়সে রাজস্বিনীর এই স্বীকৃতি যেমন অনেককে অবাক করেছে, তেমনই অনেকের কাছে গর্বের কারণও হয়ে উঠেছে। 

google button