আনিষা চৌধুরী, কলকাতা: এক শিশুর চিকিৎসার জন্য সংগ্রহ করা টাকা আত্মসাতের অভিযোগ উঠল জনপ্রিয় ইউটিউবার দিল খানের (Dil Khan) বিরুদ্ধে। অভিযোগ, শিশুটির চিকিৎসার জন্য টাকা সংগ্রহ করা হলেও সেই টাকা পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। এমনকি, পাওনা টাকা চাইতে যোগাযোগের চেষ্টা করলে শিশুটির পরিবারকে অপমানিত হতে হয়েছে বলেও অভিযোগ। অন্যদিকে, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের জবাব দিয়েছেন ইউটিউবার দিল খান। তাঁর দাবি, শিশুটির পরিবারকে তিনি সাহায্য করেছিলেন। কিন্তু এখন কয়েকজন রাজনৈতিক দলের সদস্য তাঁর ব্যবসায় প্রভাব ফেলার চেষ্টা করছেন।
কী বলছেন শিশুটির বাবা?
বাচ্চাটির বাবা জানান, প্রথমে ফোনে দিল খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। পরে তাঁর দোকানে গিয়ে খোঁজ করলে জানানো হয়, তিনি বাইরে রয়েছেন। এরপর ফোনে যোগাযোগের মাধ্যমে তাঁদের বর্ধমানে যেতে বলা হয়। কিন্তু তাঁদের পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয় বলে জানান শিশুটির বাবা। তাঁর অভিযোগ, দীর্ঘক্ষণ দোকানের সামনে অপেক্ষা করেও কোনও সুরাহা হয়নি। উল্টে তাঁদের বিরুদ্ধে নানা মন্তব্য করা হয়েছে। এমনকি, শিশুটিকে নিয়ে ব্যবসা করার অভিযোগও তোলা হয়েছে বলে দাবি তাঁর। শিশুটির বাবার আরও অভিযোগ, দিল খানের মা তাঁকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছেন। তাঁর কথায়, আগামী ৩০ নভেম্বর শিশুটির অপারেশনের তারিখ রয়েছে। অথচ চিকিৎসার জন্য প্রাপ্য টাকা এখনও তাঁরা পাননি।
শিশুটির বাবার আরও দাবি, তাঁদের নিজস্ব স্ক্যানার ব্যবহার না করে দিল খানের স্ক্যানারের মাধ্যমে চিকিৎসার জন্য আসা টাকা তোলা হয়েছে। কত টাকা সংগ্রহ করা হয়েছে, তার কোনও হিসাবও তাঁদের দেওয়া হয়নি বলে অভিযোগ। টাকা তাঁদের হাতে তুলে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও দু-তিন মাস কেটে যাওয়ার পরও সেই টাকা মেলেনি বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, সমস্ত অভিযোগের জবাব দিতে গিয়ে দিল খান জানান, আগের দিন রাত সাড়ে ৯টা নাগাদ কয়েকজন রাজনৈতিক দলের সদস্য তাঁর দোকানে গিয়ে এক মহিলা, এক পুরুষ ও একটি শিশুকে নিয়ে ভিডিও করেন। সেখানে তাঁর বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ তোলা হয় বলে দাবি ইউটিউবারের। দিল খানের বক্তব্য, এভাবে তাঁর ব্যবসাকে নিশানা করলে সেটা তিনি মেনে নেবেন না। টাকা নিয়ে কোনও অভিযোগ থাকলে থানায় জানানো উচিত ছিল, তাঁর দোকানে গিয়ে ভিডিও করে দোকান বন্ধ করার চেষ্টা করা ঠিক হয়নি। তাঁর দাবি, আগেও তাঁর ছোট দোকানকে নিশানা করা হয়েছিল, যার জেরে সেটি বন্ধ হয়ে যায়। এবার বড় দোকানটিকেও একইভাবে টার্গেট করা হচ্ছে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতেই হল কাজ, সাগরদিঘিতে গরু জবাই করতে গিয়ে গ্রেফতার ৪
দিল খান আরও জানান, বেশ কিছুদিন আগে শিশুটির পরিবার কাঁথি থেকে বৃষ্টিতে ভিজে তাঁর বাড়ির সামনে এসেছিল। সেই সময় শিশুটির জামা ভিজে যাওয়ায় নিজের মেয়ের জামা তাকে দিয়েছিলেন তিনি। পাশাপাশি, প্রায় তিন লক্ষ টাকা সাহায্য করেছিলেন এবং অ্যাম্বুল্যান্সে করে পরিবারটিকে বাড়িও পৌঁছে দিয়েছিলেন বলে দাবি তাঁর। তবে এখন রাজনৈতিক দলের কয়েকজন সদস্য বিষ্ণুপুরে ডেকে ওই পরিবারকে দিয়ে তাঁর বিরুদ্ধে কথা বলাচ্ছেন বলে অভিযোগ ইউটিউবারের। একইসঙ্গে তাঁর দাবি, এই ঘটনার পিছনে তাঁর ব্যবসা বন্ধ করে দেওয়ার পাশাপাশি এলাকায় মুসলিমদের থাকতে না দেওয়ার উদ্দেশ্যও রয়েছে।


