বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের রাজনীতিতে বিরাট রদবদল। প্রায় ছয় বছর পর একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিল ভারতীয় জনতা পার্টি এবং শিরোমণি অকালি দল (BJP-SAD Alliance)। প্রাপ্ত তথ্য অনুযায়ী, 2027 সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে জোট করে লড়াই করতে চলেছে এই দুই দল। সেই মর্মে, দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করেন SAD প্রধান সুখবীর সিং বাদল। আর তারপরেই এই সিদ্ধান্তের কথা জানায় বিজেপি এবং আকালি দল। আর এই ঘটনা কংগ্রেসের জন্য যে বড় ধাক্কা সে কথা বলাই যায়!
পাঞ্জাবের রাজনীতিতে শক্তি বৃদ্ধি বিজেপির!
এদিন, সুখবীর সিং বাদলের সাথে দেখা করার পর বিজেপি এবং আকালি দলের জোট ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে খোলাখুলি জানান, পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে 117টি আসনেই একসাথে লড়াই করবে বিজেপি এবং অকালি দল। একই সাথে এদিন আকালি দলকে বড় ভাইয়ের মর্যাদা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বলেন, “বড় ভাই-ই মুখ্যমন্ত্রী হবেন।” অর্থাৎ নির্বাচনে দুই দলের জোট জিতলে মুখ্যমন্ত্রীর পদ SAD-এর কাছেই থাকবে।
এদিন অমিত শাহ বলেন, “NDA-র সবচেয়ে পুরনো বন্ধু শিরোমণি আকালি দল আবার NDA-তে ফিরছে। আমি আকালি দলের সকল সহকর্মী এবং সর্দার সুখবীর সিং বাদলকে NDA-তে আন্তরিকভাবে স্বাগত জানাই। গতকাল, যখন আমি প্রধানমন্ত্রীর সঙ্গে NDA-র সম্প্রসারণ নিয়ে কথা বলেছিলাম, তখন প্রধানমন্ত্রীও সুখবীর জি এবং আমাদের সভাপতিকে ফোন করে বলেন যে NDA এখন সম্পূর্ণ। এতদিন আকালি দলকে ছাড়া আমাদের NDA অসম্পূর্ণ ছিল।”
VIDEO | Delhi: When asked about the CM face as BJP-SAD announce alliance, Union Home Minister Amit Shah (@AmitShah) says, “Big brother will be Akali Dal. We will contest on all 117 seats. ‘Bada Bhai Hi Chief Minister Hota Hain’.”
(Full video available on PTI Videos -… pic.twitter.com/njBZGYJOYD
— Press Trust of India (@PTI_News) November 24, 2026
আরও পড়ুন: সরকারি কর্মীদের ডিএ নিয়ে নতুন তথ্য! ১০ বছরের হিসাব প্রকাশ্যে আনলেন মলয় মুখোপাধ্যায়
প্রসঙ্গত, 1996 সালে প্রথমবারের মতো জোট গঠন করেছিল বিজেপি এবং SAD। পরের বছরই পাঞ্জাবের নির্বাচনে একসাথে লড়াই করেছিল এই দুই দল। পরে ফলাফল প্রকাশিত হলে গঠিত হয় জোট সরকার। সে বছর পাঞ্জাবে 117টি আসনের মধ্যে 22 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 18টিতে জিতেছিল বিজেপি। অন্যদিকে আকালি দল জিতেছিল 92 আসনের 75টিতে। পরবর্তীতে 2008 ও 2012 সালেও নির্বাচনে জিতেছিল এই জোট। রাজনৈতিক মহলের অনেকই মনে করছেন, BJP-SAD জোট কার্যকরভাবে ভোট স্থানান্তর করতে পারলে পাঞ্জাবে কংগ্রেসের গ্রামীণ ও শিখ ভোটব্যাঙ্কে বড় ধাক্কা লাগতে পারে। তবে কৃষক ইস্যুতে SAD-এর পুরনো অবস্থান এবং ভোটারদের জোট গ্রহণযোগ্যতাও এই মুহূর্তে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।


