সহেলি মিত্র, কলকাতা: নতুন এবং বছরের শেষ মাস পড়তে আর মাত্র কয়েকটা দিন বাকি। আর নতুন মাস মানেই হল একরাশ উত্তেজনা, একগুচ্ছ নিয়ম। কোন জিনিসের দাম বাড়বে, কোন জিনিসের দাম কমবে, তা সবটাই জানা যায় নতুন মাসের ঠিক ১ তারিখে। তাই মানুষ আগামী ১ ডিসেম্বর কী কী পরিবর্তন (December Rule Changes) হয় সেদিকে নজর রাখছেন। আজকের এই আর্টিকেলে তেমনই কিছু নিয়ম নিয়ে আলোচনা হবে যা আপনার পকেটে চাপ বাড়াবে নাকি চাপ কমাবে সেটা নিয়ে। LPG, SBI কার্ডের চার্জ, আরবিআই-এর সুদের হার এবং পেনশন খাতে বদল আসতে পারে। আরও কিছু বদল হতে পারে, চলুন জেনে নেবেন।
১ ডিসেম্বর থেকে কোন কোন নিয়ম বদলাচ্ছে?
LPG ও অন্যান্য জ্বালানির মূল্য
জানা গিয়েছে, তেল বিপণনকারী সংস্থাগুলো প্রতি মাসের এক তারিখে LPG (ঘরোয়া ও বাণিজ্যিক) এবং এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এর মূল্য পর্যালোচনা করে, অন্যদিকে পেট্রোল ও ডিজেলের দাম দৈনিক ওঠানামা করতে পারে। এর ফলে বাড়ির রান্নাবান্না ও পরিবহন খরচ প্রভাবিত হতে পারে।
SBI কার্ডে ১% চার্জ লাগু হবে
ডিসেম্বর মাস থেকে, এসবিআই কার্ড ব্যবহার করে ৩০,০০০ টাকার বেশি মূল্যের পরিবহন লেনদেনের উপর ১% ফি এবং প্রযোজ্য কর ধার্য করা হবে। এছাড়াও, যদি একটি বিলিং চক্রে মোট জ্বালানি খরচ ৫০,০০০ টাকা ছাড়িয়ে যায়, তাহলে এই চার্জটি সম্পূর্ণ জ্বালানি খরচের উপর প্রযোজ্য হবে। তাই, বড় অঙ্কের খরচ করার আগে অবশ্যই সীমা এবং চার্জগুলো হিসাব করে নিন।
আরও পড়ুন: সরকারি কর্মীদের ডিএ নিয়ে নতুন তথ্য! ১০ বছরের হিসাব প্রকাশ্যে আনলেন মলয় মুখোপাধ্যায়
রেপো রেটে বদল হবে?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর মনিটারি পলিসি কমিটি (এমপিসি) ২ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বৈঠকে বসবে। অক্টোবরে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫০% করার পর, সুদের হার আরও বাড়লে ব্যাঙ্ক লোন আরও ব্যয়বহুল হতে পারে এবং আপনার ইএমআই-এর বোঝা বাড়িয়ে দিতে পারে।
NRI/ ওসিআইদের জন্য ডিজিটাল কেওয়াইসি
৩ ডিসেম্বর থেকে, এফএটিএফ-সম্মত দেশগুলিতে বসবাসকারী অনাবাসী ভারতীয়, ওসিআই কার্ডধারী এবং বিদেশী নাগরিকরা ভারতে না এসেই সেবি-নিবন্ধিত মধ্যস্থতাকারীদের মাধ্যমে ডিজিটাল কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন, যা ভারতে বিনিয়োগকে আরও সুবিধাজনক করে তুলবে।
পেনশন প্রাপকদের জন্য জরুরি খবর
নিয়মিত মাসিক পেনশনভোগীদের জন্য ১ ডিসেম্বরের সময়সীমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই তারিখের মধ্যেই তাদের বার্ষিক বা ডিজিটাল জীবন শংসাপত্র জমা দিতে হবে। দেরির ফলে তাদের ডিসেম্বর মাসের পেনশন পেতে বিলম্ব হতে পারে।


