৫২ বলে ডবল সেঞ্চুরি, ভারতকে জিতিয়ে একাধিক বিশ্বরেকর্ড গড়লেন ছোট্ট বৈভব

Published:

Vaibhav World Records

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যর্থতার খোলস ছাড়িয়ে বেরোলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে ওঠার পথে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ব্যাট হাতে তাণ্ডব চালালেন বিহারের কিশোর। মাত্র 52 বলে ডবল সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিলেন বৈভব। প্রমাণ করলেন নিজের প্রতিভা। আর এক ডবল সেঞ্চুরির দৌলতেই বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হয়ে উঠেছেন বৈভব, যিনি সবচেয়ে দ্রুততার সাথে লিস্ট এ ক্রিকেটে 200 রান সম্পূর্ণ করলেন। শুধু তাই নয়, নিজের ব্যাটিং দিয়ে জিতিয়ে দিলেন ভারতকেও।

দ্রুততম ডবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

মঙ্গলবার, প্রথমে ব্যাট করতে নেমে 249 রান তুলেছিল সংযুক্ত আরব আমিরশাহী। ভারতীয় বংশোদ্ভুত খেলোয়াড় হরপ্রীত সিংয়ের ব্যাটের দাপটেই এত রান তুলতে পেরেছিল ভারতের প্রতিপক্ষ দলটি। তবে পরবর্তীতে ভারতের ইনিংস শুরু হতেই ব্যাট হাতে ক্ষমতা দেখালেন বিহারের 15 বছর বয়সের বৈভব সূর্যবংশী। এদিন ওপেনিং করতে নেমে একেবারে শুরু থেকেই বাউন্ডারি ওভার বাউন্ডারিতে প্রতিপক্ষ দলটির বোলারদের চাপে ফেলে দেন তিনি।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এদিন মাত্র 28 বলে সেঞ্চুরি করার পর 52 বলে নিজের ডবল সেঞ্চুরি সম্পূর্ণ করেন বৈভব সূর্যবংশী। শেষ পর্যন্ত 204 রানে আউট হতে হয়েছিল তাঁকে। তবে উইকেট হারালেও 28টি ছয় এবং সাতটি চারের দৌলতে ডাবল সেঞ্চুরি করার সাথে সাথে লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হয়ে উঠেছেন বৈভব। এর আগে এত কম বলে লিস্ট এ ক্রিকেটে ডবল সেঞ্চুরি করতে পারেননি কেউই।

আরও পড়ুন: ভারতের বিপক্ষে ‘ভারতীয়র’ সেঞ্চুরি, UAE-কে জেতাতে জ্বলে উঠলেন ছত্তিশগড়ের হরপ্রীত সিং

বলা বাহুল্য, এর আগে লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে 103 বলে ডবল সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান চ্যাড বোজে। তবে বৈভব 51 বল কম খেলেই সবচেয়ে দ্রুততম ডবল সেঞ্চুরির রেকর্ড নিজের নামে করে ফেললেন। শুধু ডবল সেঞ্চুরি নয়, 28 বলে সেঞ্চুরি করে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও নিজের নামে করেছেন এই ভারতীয় কিশোর। একই সাথে একই ইনিংসে 28টি ছয় মেরে লিস্টে ক্রিকেটের এক ইনিংসে সর্বাধিক ছয় মারার রেকর্ডও নিজের নামে লিখেছেন তিনি। আর এসব কিছুর মধ্যেই UAE-কে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত।

google button