সৌভিক মুখার্জী, কলকাতা: এবার আরও সঙ্গীহারা হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ব্রাত্য বসু (Bratya Basu) একসময় মমতার অন্যতম ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন, সেই প্রাক্তন শিক্ষামন্ত্রী নাকি গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে খবর। সম্প্রতি এমনই জল্পনা উসকে দিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি স্পষ্ট জানিয়েছেন, “রাজনীতি সম্ভাবনার শিল্প। কাল কী হবেন দেখুন না।” তাহলে কি সত্যিই মমতার শিবির ছাড়ছেন ব্রাত্য বসু?
মমতার হাত ছাড়ছেন ব্রাত্য বসু!
ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর বিধায়কদের পাশাপাশি লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা মমতার শিবির ছেড়ে ধীরে ধীরে অন্য শিবিরে নাম লিখিয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস, যেখানে ষাটের বেশি বিধায়কের সমর্থন রয়েছে। অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২০ জন সাংসদ যোগ দিয়েছেন এনসিপিআইতে। তাছাড়া রাজ্যসভার ৪ জন সাংসদ পদত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন। আর এবার সেই তালিকায় নাম লেখাচ্ছেন তৃণমূল আমলের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা দমদমের বিধায়ক ব্রাত্য বসু।
এ বিষয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “সবাই তো ল্যাম্পপোস্ট ছিলেন। হয়তো ক্রীতদাসত্ব তো মুক্তির একটা…..স্বাভাবিকভাবেই ব্রাত্য বসু যে ভাষা প্রয়োগ করবেন, সেই ভাষা অনেকের মাথার উপর দিয়ে যাবে। রাজনীতি করুন আর নাই করুন, ব্রাত্যদা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না। এটা আমার প্রত্যয়। চার্টার্ড ভাইপোর ত্রিসীমানায় থাকবেন না। রাজনীতি হল সম্ভাবনার শিল্প। কাল কী হবে দেখুন না।”
আরও পড়ুন: বিজেপির বুথ সভাপতির সাথে হোটেলে গেলেই মিলবে অন্নপূর্ণার টাকা! বিস্ফোরক অভিযোগ দিনহাটায়
যদিও এর আগে বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, আমরা খবর পেয়েছি, আমাদের কাছে খবর আছে যে ব্রাত্যবাবু বিজেপির কিছু নেতার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছেন। এতদিন যোগাযোগ করেননি। যবে থেকে অভিযোগটা এসেছে, তারপরেই যোগাযোগ করছেন।” এমনকি ব্যঙ্গাত্মক সুরে সুকান্ত বলেছিলেন, “এখানে কোনও জায়গা নেই। যতই গান করুন কেন, আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি। বড়ফুলে মন্দিরে কোনও জায়গা নেই।” তবে সেই জল্পনা উড়িয়েই এবার ঋতব্রত শিবিরে নাম লেখাতে চলেছেন ব্রাত্য।


