সৌরভের বিদেশ যাত্রা নিয়ে মোদীর বিরুদ্ধে নেপালের প্রধানমন্ত্রীকে নালিশ মহুয়ার

Published:

mahua maitra

আনিষা চৌধুরী, কলকাতা: নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি ভারত সফরে এসে মোদীর সঙ্গে বৈঠক করেছেন বালেন শাহ। দুই দেশের পারস্পরিক সহযোগিতা-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। এই আবহেই সৌরভ দাসের বিদেশযাত্রায় বাধা দেওয়ার ঘটনা নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদীর ঘনিষ্ঠতার প্রসঙ্গ টেনেই প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন তিনি।

কী বললেন তৃণমূল নেত্রী?

এক্স হ্যান্ডলে বালেন শাহকে উদ্দেশ্য করে মহুয়া মৈত্র লিখেছেন, “প্রিয় বালেন শাহ, আমাদের প্রধানমন্ত্রী আপনার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। অন্যদিকে জেন-জি সৌরভ দাসকে অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখতে যাওয়ার জন্য বিমান ধরতে দেওয়া হল না, কারণ তাঁর মা নেপালি বংশোদ্ভূত! আপনি যুব আন্দোলনের হাত ধরে প্রধানমন্ত্রী হয়েছেন। দেখুন, আমাদের প্রধানমন্ত্রী কীভাবে দেশের যুবসমাজের সঙ্গে আচরণ করছেন! লজ্জাজনক।”

উল্লেখ্য, ককরোচ জনতা পার্টির (Cockroach Janata Party বা CJP) নেতা সৌরভ দাসের লন্ডন যাওয়ার কথা ছিল। অক্সফোর্ড ইউনিয়নের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। পাশাপাশি কেমব্রিজ, লন্ডন স্কুল অফ ইকনমিক্স (LSE) এবং এডিনবরাতেও বক্তব্য রাখার কথা ছিল তাঁর বলে জানা গিয়েছে।

অভিযোগ, ২৩ নভেম্বর রাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন পরীক্ষার সময় সৌরভের বিদেশযাত্রা আটকে দেওয়া হয়। তবে তাঁর মায়ের নেপালি বংশোদ্ভূত পরিচয়ের কারণেই এই পদক্ষেপ করা হয়েছে বলে মহুয়া মৈত্র দাবি করলেও, পাসপোর্ট সংক্রান্ত তথ্যের অসঙ্গতির বিষয়টিও সামনে এসেছে।

আরও পড়ুন: আরও সঙ্গীহারা মমতা, এবার ঋতব্রত শিবিরে নাম লেখাচ্ছেন তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী!

এদিকে, চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিসের তরফে সৌরভকে শোকজ নোটিস পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। পাসপোর্টে জন্মস্থানের তথ্যের অসঙ্গতি-সহ কিছু বিষয় নিয়ে সাত দিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। ফলে সৌরভের বিদেশযাত্রা ঘিরে তৈরি হওয়া বিতর্কে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।

google button