অনন্যা সরকার, কলকাতা: কোকা-কোলার কমলালেবুর স্বাদের কার্বনেটেড পানীয় ‘গোল্ড স্পট’ (Gold Spot) ২৬ বছর পর আবারও ভারতীয় বাজারে প্রত্যাবর্তন করতে চলেছে। স্বাস্থ্যসচেতন ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে, গোল্ড স্পট এবার কম চিনিযুক্ত বা চিনিমুক্ত সংস্করণে বাজারে আনা হবে। এই প্রজেক্টের সঙ্গে যুক্ত কোম্পানির এক উচ্চপদস্থ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, গোল্ড স্পটের এই প্রত্যাবর্তন ইতিমধ্যেই বাজারে বিদ্যমান ‘ফ্যান্টা’ (Fanta)-র বাজারের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। শোনা যাচ্ছে যে, আগামী সপ্তাহের মধ্যেই এটি দোকানে পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, নভেম্বরের শেষদিকেই এটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসতে পারে।
আবার ফিরবে ‘দ্য জিং থিং’-এর স্মৃতি
১৯৫২ সালে পার্লে প্রোডাক্টস (Parle Products) গোল্ড স্পট বাজারে আনে। কোম্পানির অন্যতম জনপ্রিয় পিপারমিন্ট প্রোডাক্ট ‘পার্লে গোল্ড স্টার’ (Parle Gold Star)-এর নামের সাথে মিলিয়ে এর নামকরণ করা হয়। উজ্জ্বল কমলা রঙের এই পানীয়টিতে ছিল মিষ্টি ও টক স্বাদের এক অনন্য সংমিশ্রণ, যা এক দারুণ সতেজ অনুভূতি জাগাতো। এটি বিশেষ করে শিশু ও পরবর্তীকালে তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে।
তবে শুধু স্বাদ নয়, এই ব্র্যান্ডটি তার স্মরণীয় বিজ্ঞাপনী ক্যাম্পেনগুলির জন্যও জনপ্রিয় ছিল। শুরুর দিকের অ্যাডগুলিতে “লিভ আ লিটল হট, সিপ আ গোল্ড স্পট” (Live a little hot, sip a Gold Spot) স্লোগানটি ব্যবহার করা হয়। তারপর আশির দশকের মাঝামাঝি সময়ে, তরুণদের লক্ষ্য করে ‘দ্য জিং থিং’ (The Zing Thing) নামে একটি প্রাণবন্ত ট্যাগলাইন বেছে নেওয়া হয়।
আরও পড়ুন: বিশ্ববাজারে জয়জয়কার ভারতীয় রুপির! গড়ল ডলারের বিপরীতে সর্বোচ্চ রিটার্নদাতা মুদ্রার রেকর্ড
১৯৭৭ সালে কোকা-কোলা ভারত ছেড়ে চলে যাওয়ার পর, পার্লের গোল্ড স্পট, লিমকা (Limca), থামস আপ (Thums Up) এবং পরবর্তীতে মাজা (Maaza) ভারতীয় সফট ড্রিংকসের বাজারের একটি বড় অংশ দখল করে নেয়। তারপর, আবার ১৯৯৩ সালে কোকা-কোলা রমেশ চৌহানের পার্লে বিসলেরি (Parle Bisleri) থেকে ৪০ মিলিয়ন ডলারে এই ব্র্যান্ডগুলোকে কিনে নেয়।
তবে, গোল্ড স্পটের যাত্রা ছিল সংক্ষিপ্ত। কমলালেবুর স্বাদের পানীয়ের ক্ষেত্রে এটি সরাসরি কোকা-কোলার গ্লোবাল ব্র্যান্ড ফ্যান্টার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করত। ফ্যান্টার ওপর বিনিয়োগ কেন্দ্রীভূত করতে এবং কোম্পানির অভ্যন্তরীণ প্রতিযোগিতা এড়াতে কোকা-কোলা ধীরে ধীরে গোল্ড স্পটকে বাজার থেকে সরিয়ে ফেলে। ২০০০ সালের মধ্যে এর উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
তবে এবার নতুন রূপে ফিরছে গোল্ড স্পট। এই প্রত্যাবর্তন কেবল পুরোনো স্মৃতির রোমন্থন নয়, বরং এটি বর্তমান বাজারের স্বাস্থ্যসচেতন ধারার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। চিনিমুক্ত বা কম চিনির পানীয়ের চাহিদা বাড়ার প্রেক্ষাপটে, কোকা-কোলা তাদের গোল্ড স্পট ব্র্যান্ডটিকে নতুনভাবে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। তবে এটি যেন ফ্যান্টার বিক্রিতে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে, সেদিকেও নজর রাখা হচ্ছে।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষীর একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাঁদের হাতে ‘গোল্ড স্পট’-এর ক্যান দেখা যাচ্ছে, এটি নতুন করে ব্র্যান্ডটির প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন শুরু করেছে। তবে, এটি কোনো আনুষ্ঠানিক প্রচারমূলক ক্যাম্পেইনের অংশ কি না, তা এখনো স্পষ্ট নয়। অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আরও স্বাস্থ্যকর রূপে সেই চিরচেনা ‘জিং’ ফিরে পাওয়ার জন্য।


