সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের (West Bengal) ব্যবসা-বাণিজ্য এবং শিল্পায়নের পরিবেশকে আরও সহজ করতে বিরাট পদক্ষেপ নিল সরকার। আগামী ৪ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা বিধানসভার শীতকালীন অধিবেশনে মোট আটটি গুরুত্বপূর্ণ বিল পেশ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিলগুলির অনুমোদন দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যার মধ্যে রাজ্যের নাম পরিবর্তনের পাশাপাশি পঞ্চায়েত আইন সংশোধন, বিধায়কদের ভাতা বৃদ্ধিসহ একাধিক সিদ্ধান্ত কার্যকর হবে।
২৪ ঘণ্টা দোকান খোলা রাখার সুযোগ
মন্ত্রিসভার অনুমোদিত বিলগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পশ্চিমবঙ্গ দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বিল ২০২৬। এই বিলটি আইনে পরিণত হলে ব্যবসায়ীরা ইচ্ছেমতো সারারাত বা ২৪ ঘণ্টা তাদের দোকান, রেস্তোরাঁ, অফিস বা লজিস্টিক পরিষেবা খোলা রাখতে পারবেন। ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার এই সংক্রান্ত একটি মডেল বিল আনলেও বিগত সরকার তা কার্যকর করতে পারেনি। চলতি বছরের জুন মাসে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশের সময় শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করে ২৪ ঘণ্টা ব্যবসা চালানোর প্রস্তাব দিয়েছিলেন। আর এবার তা কার্যকর হওয়ার পথে।
আরও পড়ুন: সৌরভের বিদেশ যাত্রা নিয়ে মোদীর বিরুদ্ধে নেপালের প্রধানমন্ত্রীকে নালিশ মহুয়ার
এদিকে শিল্পায়নের পথে জমির জট কাটাতে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার বিল ২০২৬ এবং পশ্চিমবঙ্গ ইজ অফ ডুইং বিজনেস বিল ২০২৬ আনতে চলেছে সরকার। ভূমি সংস্কার আইনের ১৪ওয়াই ধারায় থাকা সিলিং বহির্ভূত গ্রামীণ জমি সংক্রান্ত জটিলতা শিল্পের ক্ষেত্রে এতদিন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল, যেটিকে সহজ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এছাড়া শীতকালীন অধিবেশনে যে বিষয়গুলি উল্লেখ থাকবে সেগুলি হল—
- পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের তরফ থেকে ১৯৭৩ সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের সংশোধনী বিল আনা হচ্ছে।
- প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা মাসিক ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে এবার ১০ হাজার টাকা করার বিল আনা হচ্ছে। এছাড়া বর্তমান বিধায়কদের নিজ নিজ কেন্দ্রে নেতাজি সেবাকেন্দ্র পরিচালনার জন্য মাসিক ৩০ হাজার টাকা ভাতা দেওয়ারও প্রস্তাব রয়েছে।
- তার পাশাপাশি স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফ থেকে পুরনো সরাই লাইসেন্সিং আইন বাতিল করার জন্য একটি বিল পেশ করা হবে।
- গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, রাজ্যের নাম পরিবর্তন করে ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গলের জায়গায় পশ্চিমবঙ্গ রাখা হবে। সেই বিল শীতকালীন অধিবেশনে আনা হতে পারে।


