সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্ব অর্থনীতির বাজারে ফের বড়সড় চমক দেখিয়ে মার্কিন ডলারের বিপরীতে ক্যারি ট্রেডের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বেশি রিটার্ন প্রদানকারী মুদ্রা হিসেবে উঠে এলো ভারতীয় রুপি (Indian Rupee)। চলতি নভেম্বর মাসে ভারতীয় টাকা গত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। এমনকি ডলার পিছু প্রায় ৯২.৯১ টাকায় গিয়ে দাঁড়িয়েছিল টাকা। আর এই এক মাসে ২ শতাংশের বেশি উত্থান লক্ষ্য করা গিয়েছিল দেশীয় এই মুদ্রায়। বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আর ভারতীয় রিজার্ভ ব্যাংকের পদক্ষেপের জেরেই ভারতীয় মুদ্রার এই শক্তিবৃদ্ধি।
কেন শক্তিশালী হল ভারতীয় টাকা?
আসলে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংক্রান্ত কোম্পানিগুলি থেকে মূলধন সরিয়ে ভারতের বাজারে সেই সমস্ত শেয়ারে বিনিয়োগ করেছেন, যেগুলি এআই-র জোয়ারের সময় কিছুটা হলেও পিছিয়ে পড়েছিল। আর বিদেশি বিনিয়োগকারীদের এই নীতিগত পরিবর্তনের ফলে ভারতীয় টাকা ক্রমশ শক্তিশালী হচ্ছে। তবে হ্যাঁ, শুধুমাত্র বিদেশী বিনিয়োগ নয়, এর পেছনে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংকের একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ বড় ভূমিকা পালন করছে।
এক্ষেত্রে জানিয়ে রাখি, ক্যারি ট্রেড হল এমন একটি বিনিয়োগ প্রক্রিয়া যেখানে বিনিয়োগকারীরা কম সুদের হারে কোনও মুদ্রা ঋণ নিয়ে সেই অর্থ বেশি সুদ বা ভালো রিটার্ন প্রদানকারী মুদ্রায় বিনিয়োগ করে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, কেউ যদি কম সুদে পাউন্ডে ঋণ নিয়ে ডলারে বিনিয়োগ করেন এবং সেই সময় পাউন্ডের তুলনায় ডলার শক্তিশালী হয়, তাহলে বিনিয়োগকারীরা দ্বিগুণ লাভ পাবেন। একদিকে সুদের পার্থক্য থেকে আয়, আবার অন্যদিকে মুদ্রার মান বৃদ্ধির কারণে লাভবান হন তারা। আর বর্তমানে ভারতীয় টাকা শক্তিশালী হওয়ায় বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা টাকায় বিনিয়োগ করতে ইচ্ছা প্রকাশ করছেন।
আরও পড়ুন: ২৪ ঘণ্টা পরিষেবা, ভাতা বৃদ্ধি, রাজ্যের নাম বদল! শীতকালীন অধিবেশনে একাধিক বিল আনছে সরকার
উল্লেখ্য, ভারতীয় মুদ্রার এই উত্থানের পেছনে রিজার্ভ ব্যাংকের ভূমিকাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। টাকার বিরুদ্ধে চলা জল্পনার ওপর কড়া পদক্ষেপ নিয়েছে আরবিআই। আর এর পাশাপাশি বিদেশি ট্রেডের মাধ্যমে আয় বৃদ্ধি এবং মুদ্রা বাজারে সঠিক সময়ে হস্তক্ষেপ করার মতো পদক্ষেপও নেওয়া হয়েছে। তবে যারা টাকার দরপতনের উপর বাজি ধরে মুনাফা লুটতে চেয়েছিলেন, আরবিআই-র কৌশলে তাদের সেই চাল ভেস্তে গিয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এমনকি টাকাকে শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংক আরও একাধিক পদক্ষেপ নিতে পারে বলেই মনে করা হচ্ছে।


