বিক্রম ব্যানার্জী, কলকাতা: এতদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে ভারতের পাশাপাশি বিভিন্ন দেশের উপর নির্ভর করতো বাংলাদেশ (Bangladesh)। তবে এবার সেই তালিকায় পাকিস্তানকে (Pakistan) অধিক গুরুত্ব দেওয়ার পথে ঢাকা। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং পাকিস্তান থেকে প্রয়োজনীয় পণ্য আমদানির সুযোগ তৈরি করতে ট্রেডিং অপারেশন অফ পাকিস্তান-এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চলেছে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ। এই বিশেষ চুক্তির আওতায়, পাকিস্তান থেকে অধিক পরিমাণে চাল, ডাল, তেল, গম, আটা, পেঁয়াজের মতো নিত্য পণ্য আমদানি করবে বাংলাদেশ!
ভারতের বিকল্প পাকিস্তান?
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী, 29 নভেম্বর পাকিস্তান এবং বাংলাদেশের দুই বাণিজ্য সংস্থার মধ্যে একটি সমঝোতার স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। আর এই চক্তি পাঁকা হয়ে গেলে পাকিস্তান থেকে চাল, ডাল, গম, আটা, চিনি, তেল, পেঁয়াজ, ছোলা, সার-সহ বিভিন্ন কৃষিভিত্তিক পণ্য আমদানি-রপ্তানির সুযোগ তৈরি হতে পারে। তবে বাংলাদেশ পাকিস্তান থেকে ঠিক কত পরিমাণ পণ্য আমদানি করবে বা আদৌ করবে কিনা সেটা নির্ভর করবে আন্তর্জাতিক বাজারের তুলনায় দাম এবং দুপক্ষের আলোচনার উপর।
এ প্রসঙ্গে বাংলাদেশের TCB চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে একটি নতুন বাণিজ্যিক সুযোগ তৈরি হবে। পাকিস্তান পণ্যের মূল্য প্রস্তাব করার পর দর কষাকষি ও মূল্য যাচাই করা হবে। দাম সাধ্যের মধ্যে হলে লাভ দেখে ইসলামাবাদ থেকে পণ্য আমদানির সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ। রিপোর্ট বলছে, আম, আনারস ও চায়ের মতো বাংলাদেশি পণ্যও পাকিস্তানে রপ্তানি করতে পারে ঢাকা।
আরও পড়ুন: ‘হাতকড়া পরেই ভারত থেকে বাংলাদেশে যাবেন শেখ হাসিনা’ বড় ঘোষণা
পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি কমাতেও উদ্যোগী হয়েছে প্রতিবেশী দেশটি। সেই মর্মে, আগামী পহেলা এবং 2 ডিসেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের বাণিজ্য বিষয়ক যৌথ কর্মদলের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকেই পাকিস্তানের বাজারে বাংলাদেশি ওষুধ ও খাদ্যপণ্যের প্রবেশাধিকার বাড়ানো, শুল্ক ও শুল্কবহির্ভূত বাধা কমানো এবং কাস্টমস প্রক্রিয়া সহজ করার মতো বিষয় নিয়ে আলোচনা হবে। সব মিলিয়ে বলাই যায়, নিজেদের পণ্য রপ্তানির পাশাপাশি নিত্যপণ্য আমদানির ক্ষেত্রে ভারত বিকল্প হিসেবে পাকিস্তানের দিকে ঝুঁকল বাংলাদেশ!


