গয়না বন্ধক রেখে অসহায় পরিবারকে সাহায্য, মানবিকতার নজির গলসির বিজেপি বিধায়কের

Published:

bjp (2)

আনিষা চৌধুরী, কলকাতা: এখনও মানুষের মধ্যে বেঁচে রয়েছে মানবিকতা। এখনও সমস্ত মানুষ স্বার্থপরতার আড়ালে নিজেদের গুটিয়ে নেননি। বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোই একজন প্রকৃত জনপ্রতিনিধির অন্যতম দায়িত্ব। আর সেই দায়িত্ববোধেরই পরিচয় দিলেন পূর্ব বর্ধমানের গলসির বিজেপি (Bhartiya Janata Party) বিধায়ক রাজু পাত্র (Raju Patra)। অন্যের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিতে নিজের গলার সোনার চেন পর্যন্ত বন্ধক রাখতে পিছপা হলেন না তিনি। ঋণের দায়ে ভিটেমাটি হারাতে বসা একটি পরিবারের পাশে দাঁড়িয়ে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য করলেন বিধায়ক।

কী বলছেন বিধায়ক?

সমর পাল হলেন পূর্ব বর্ধমানের গলসির বেলান গ্রামের বাসিন্দা। ২০১৬ সালে একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে বাড়ি তৈরি করেছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে ঋণের বোঝা এমন জায়গায় পৌঁছয় যে, নিয়মিত কিস্তি মেটানোর পরেও বকেয়া থেকে যায় বিপুল পরিমাণ টাকা। ৬ লক্ষ ৪৮ হাজার টাকা ঋণ নিয়েছিলেন সমরবাবু। গত মার্চ মাস পর্যন্ত কিস্তিতে সাড়ে ৮ লক্ষ টাকারও বেশি পরিশোধ করেছিলেন তিনি। তা সত্ত্বেও লক্ষাধিক টাকা বকেয়া থেকে যায়। ঋণ শোধ করতে না পারায় ঋণদাতা সংস্থা তাঁর বাড়ি অধিগ্রহণের প্রক্রিয়াও শুরু করে। ফলে মাথার উপর থেকে ছাদ হারানোর আশঙ্কায় দিশেহারা হয়ে পড়ে পরিবারটি। ঋণের বোঝা সামলাতে গিয়ে নিজের মুদিখানার দোকানটিও ঠিকমতো চালাতে পারেননি সমরবাবু। এমন পরিস্থিতিতে কার্যত মুশকিল আসান হয়ে হাজির হন গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র।

বিধায়ক রাজু পাত্র গলসির একটি বেসরকারি ব্যাঙ্কের শাখায় নিজের গলার সোনার চেন বন্ধক রেখে এক লক্ষ টাকা সংগ্রহ করেন। এরপর সেই টাকার চেক তুলে দেন সমরবাবুর হাতে। জানা গিয়েছে, ঋণদাতা সংস্থা ১ লক্ষ ২০ হাজার টাকায় ঋণটি মিটিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। বিধায়কের দেওয়া এক লক্ষ টাকা এবং নিজেদের জোগাড় করা বাকি টাকা দিয়ে আপাতত ঋণ মেটানোর পথ খুঁজে পেয়েছে পরিবারটি। ফলে শেষ পর্যন্ত বাড়ি হারানোর আশঙ্কা থেকে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে তাঁদের জীবনে।

সমর পালের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী মধুমিতা পাল, এক কন্যা ও এক পুত্র। ঋণের বোঝা সামলাতে গিয়ে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছিল তাঁদের। নিজের মুদিখানার দোকানটিও ঠিকমতো চালাতে পারছিলেন না সমরবাবু। একদিকে ঋণের চাপ, অন্যদিকে বাড়ি হারানোর আশঙ্কা, সব মিলিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল পরিবারের সদস্যদের।

বিধায়কের এই সাহায্যে স্বাভাবিকভাবেই আপ্লুত সমরবাবু ও তাঁর স্ত্রী। সমর পাল বলেন, “খুবই অসহায় অবস্থায় ছিলাম। তখনই দেবদূতের মতো এসে সাহায্য করলেন বিধায়ক।” অন্যদিকে তাঁর স্ত্রী মধুমিতা পাল বলেন, “বিধায়ক পাশে না থাকলে কী যে হতো। ঘর ছেড়ে পথে বসতে হতো। উনি দেবদূতের মতো আমাদের পাশে দাঁড়ালেন।” তাঁদের কথাতেই স্পষ্ট, এই সাহায্য তাঁদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। শুধু আর্থিক সহায়তা নয়, চরম বিপদের সময়ে একজন জনপ্রতিনিধিকে পাশে পেয়ে নতুন করে আশার আলো দেখছেন তাঁরা। বিধায়কের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন পরিবারের সদস্যরা।

অন্যদিকে, গোটা ঘটনা প্রসঙ্গে বিজেপি বিধায়ক রাজু পাত্র বলেন, “এক লক্ষ টাকার বেশি বকেয়া ছিল সমরবাবুর। ঋণ শোধ করতে না পারায় বাড়ি হাতছাড়া হতে বসেছিল। আইনি পথে দখল নিত ওই সংস্থা। প্রশাসন ও ওই সংস্থার সঙ্গে কথা বলে জানতে পারি এক লক্ষের কিছু বেশি টাকা দিলেই বিষয়টি মিটিয়ে নেবে ওই সংস্থা। বাড়ি হাতছাড়া হওয়ার আতঙ্কে আত্মহত্যার কথা ভাবছিল ওই পরিবার। আমি চেন বন্ধক রেখে এক লক্ষ টাকার চেক দিলাম। বাকি টাকা ওনারা ব্যবস্থা করে নেবেন।”

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতেই গায়েব অভিমান, ফের রাজনীতিতে হুমায়ুন কবীর

রাজনীতির ময়দানে মতপার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে। কিন্তু মানুষের বিপদে পাশে দাঁড়ানোই যে জনপ্রতিনিধির আসল পরিচয়, তা আরও একবার মনে করিয়ে দিলেন রাজু পাত্র। নিজের গয়না বন্ধক রেখে অন্যের মাথার ছাদ বাঁচানোর এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

google button