মাসে ৫৫ টাকা জমিয়ে ৩,০০০ টাকা পেনশন! ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদারদের জন্য দারুণ প্রকল্প

Published:

NPS-Traders Pradhan Mantri Laghu Vyapari Maan-Dhan Yojana

অনন্যা সরকার, কলকাতা: ভারতের অসংখ্য ছোট দোকানদার, খুচরা ব্যবসায়ী ও স্ব-নিযুক্ত ব্যক্তিরা ‘ন্যাশনাল পেনশন স্কিম ফর ট্রেডার্স অ্যান্ড সেলফ-এমপ্লয়েড পার্সনস’ (NPS-Traders)-এর আর্থিক সহায়তার মাধ্যমে তাদের বার্ধক্যকালীন জীবন সুরক্ষিত করতে পারেন। ২০১৯ সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনে চালু হওয়া এই প্রকল্পটি ‘প্রধানমন্ত্রী লঘু ব্যাপারী মান-ধন যোজনা’ (Pradhan Mantri Laghu Vyapari Maan-Dhan Yojana) নামেও পরিচিত। এটি একটি ঐচ্ছিক ও অবদান-ভিত্তিক পেনশন প্রকল্প, যার অধীনে অসংগঠিত ক্ষেত্রের ষাটোর্ধ্ব ব্যবসায়ী ও সেল্ফ-এমপ্লয়েডদের ৩,০০০ টাকা মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশন প্রকল্প

প্রধানমন্ত্রী লঘু ব্যাপারী মান-ধন যোজনার সুবিধাভোগীরা ৬০ বছর বয়স পূর্ণ হওয়ার পর প্রতি মাসে ন্যূনতম ৩,০০০ টাকা পেনশন পেতে পারেন। পেনশন পাওয়ার সময় যদি সুবিধাভোগীর মৃত্যু হয়, তবে তাঁর জীবনসঙ্গী পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য হন, যা মূল মাসিক পেনশনের ৫০ শতাংশের সমান।

এই প্রকল্পের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো  সরকারের সমপরিমাণ অবদান, অর্থাৎ সুবিধাভোগীরা প্রতি মাসে যে পরিমাণ অর্থ জমা রাখেন, কেন্দ্রীয় সরকারও তাঁর পেনশন অ্যাকাউন্টে ঠিক একই পরিমাণে অর্থ প্রদান করে। প্রকল্পে যোগদানের সময়ের বয়সের ওপর ভিত্তি করে অংশগ্রহণকারীদের প্রতি মাসে ৫৫ থেকে ২০০ টাকা পর্যন্ত জমা দিতে হয়। ৬০ বছর বয়স পর্যন্ত এই অর্থ তাঁদের সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট বা জন ধন অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয়। 

আরও পড়ুন: চাকরি হারালেই ২ মাস পর তোলা যাবে পুরো PF-এর টাকা! নতুন বছর থেকে মিলবে দারুণ সুবিধা?

এনপিএস-ট্রেডার্স প্রকল্পে যোগ দেওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই একজন ক্ষুদ্র দোকানদার, খুচরা ব্যবসায়ী বা স্বাধীন পেশাজীবী হতে হবে। এর মধ্যে রয়েছেন ছোট কারখানার মালিক, ছোট হোটেল বা রেস্তোরাঁর মালিক, রিয়েল এস্টেট ব্রোকার, কমিশন এজেন্ট এবং তেল বা চাল কলের মালিকরা। মান-ধন যোজনায় আবেদনের সময় আবেদনকারী ব্যক্তির বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং তাঁর ব্যবসার বার্ষিক টার্নওভার ১.৫ কোটি টাকার বেশি হওয়া যাবে না।

এছাড়াও জানিয়ে রাখি, যারা আয়কর দেন অথবা যারা ইতিমধ্যে ইএসআইসি (ESIC), ইপিএফও (EPFO), সরকারি এনপিএস (NPS), পিএম-শ্রম যোগী মান-ধন (PM-SYM) বা পিএম-কিষাণ মান-ধন (PM-KMY) যোজনার মতো অন্য কোনো প্রকল্পের অংশ, তারা এই প্রকল্পে যোগ দেওয়ার যোগ্য নন। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য আধার কার্ড এবং আইএফএসসি (IFSC) কোডসহ একটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট অথবা জন ধন অ্যাকাউন্ট থাকা আবশ্যক। নিকটস্থ কমন সার্ভিস সেন্টার (CSC)-এর মাধ্যমে, অথবা অফিসিয়াল ‘মাইস্কিম’ (myScheme) পোর্টাল ও মানধন (Maandhan) প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন জমা করা যাবে, এগুলোতে রেজিস্ট্রেশনের জন্য কোনো ফি লাগে না।

google button