সহেলি মিত্র, কলকাতাঃ বৃষ্টি অতীত, এবার শুধু শীত আর শীত। ক্রমশ তাপমাত্রা কমছে বাংলার। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে তাপমাত্রার হ্রাস পাওয়া শুরু হয়েছে। তবে আগামী ২ থেকে ৩ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আজ বুধবার সকাল থেকেও বেশ শীত শীত ভাব রয়েছে। সেইসঙ্গে কুয়াশাও রয়েছে। আর কি সত্যিই বৃষ্টির (Weather Today) সম্ভাবনা নেই কোথাও? চলুন জেনে নিই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্বাভাস অনুযায়ী, এদিন কলকাতা শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। এদিন দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায় খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি কোনও জেলা অর্থাৎ কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশা ও শীতের প্রকোপ থাকবে বলে খবর।
আরও পড়ুন: বিশ্ববাজারে জয়জয়কার ভারতীয় রুপির! গড়ল ডলারের বিপরীতে সর্বোচ্চ রিটার্নদাতা মুদ্রার রেকর্ড
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। ঝাড়খণ্ড, বিহার এবং বাংলাদেশের উপর দিয়ে সেটি অবস্থান করছে। ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশ, গুজরাত ও অসমে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, কলকাতার আবহাওয়া আজ থেকে পুরোপুরি শুষ্ক থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুধু শীত ও কুয়াশা থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের কথা বললে, আগামী ২ দিন জেলাগুলির এক বা দুটি জায়গায় সকালের সময়ে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। নেই বৃষ্টির সম্ভাবনা।


