টোল ট্যাক্স বাঁচাতে ভুলেও করবেন না এই কাজ, ৮ গুন জরিমানা করবে সরকার

Published:

Toll Penalty

অনন্যা সরকার, কলকাতা: যে সব চালক বাধাহীন টোল প্লাজাগুলোতে টোল ট্যাক্স ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তাদের গাড়ির নম্বর প্লেট বিকৃত করেন বা ঢেকে রাখেন, তাদের বিরুদ্ধে এবার কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, দোষী সাব্যস্ত হওয়া চালকদের সাধারণ টোল ফি-এর বদলে চার থেকে আট গুণ পর্যন্ত অতিরিক্ত টোল (Toll Penalty) দিতে হতে পারে।

নিয়ম ভঙ্গ করলেই অতিরিক্ত টোল ফি 

এই বর্ধিত টোল আদায়ের প্রক্রিয়া সহজ করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জাতীয় মহাসড়ক ফি বিধিমালা (National Highways Fee Rules)-তে সংশোধনী আনার প্রস্তাব করেছে। নতুন এই ব্যবস্থার অধীনে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)-এর মতো মহাসড়ক কর্তৃপক্ষ সরাসরি সেইসব গাড়ির থেকে বর্ধিত টোল আদায় করতে পারবে, যারা নিয়ম লঙ্ঘন করেছে।

উল্লেখ্য, এই অতিরিক্ত টোল ফি মোটরযান আইন (Motor Vehicles Act)-এর অধীনে আরোপিত জরিমানার থেকে সম্পূর্ণ আলাদা হবে। বর্তমানে, নম্বর প্লেট বিকৃত করার অপরাধে প্রথমবার ৫,০০০ টাকা এবং পরবর্তী অপরাধের ক্ষেত্রে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করার নিয়ম রয়েছে, যা বিভিন্ন রাজ্যের পরিবহন দফতরগুলো আরোপ করে থাকে। অর্থাৎ, কোনো চালক যদি নম্বর প্লেট বিকৃত করেন, ঢেকে রাখেন বা পরিবর্তন করেন, তবে তাকে মোটরযান আইন অনুযায়ী নির্ধারিত জরিমানার সঙ্গে চার  থেকে আটগুণ বেশি টোলও দিতে হতে পারে। এই কড়া নিয়মাবলীর মাধ্যমে সরকারের মূল লক্ষ্য হলো টোল ফাঁকি দেওয়ার প্রবণতাকে কঠোরভাবে দমন করা।

আরও পড়ুন: বিখ্যাত ইউটিউবারের বিরুদ্ধে বাচ্চার চিকিৎসার টাকা হজমের অভিযোগ, পাল্টা প্রতিক্রিয়া দিল খানের

সরকারি আধিকারিক সূত্রে জানা গেছে যে, আগামী দুই মাসের মধ্যে টোল প্লাজাগুলোতে হাই-রেজোলিউশনের ক্যামেরা এবং আর্টিফিশিয়াল  ইন্টেলিজেন্স (AI) ভিত্তিক একটি ব্যবস্থা চালু করা হতে পারে। এর মাধ্যমে নম্বর প্লেট বিকৃত বা ঢেকে রাখা যানবাহনগুলোকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হবে। সারা দেশে ‘সিমলেস’ বা বাধা-মুক্ত টোল ব্যবস্থা চালু হওয়ার ফলে বর্তমানে যানবাহনগুলো না থামিয়েই টোল ফি পরিশোধ করতে পারে। তবে, এনএইচএআই (NHAI) কর্তৃপক্ষ জানিয়েছে যে, দিল্লির মুন্ডকাসহ বিভিন্ন টোল প্লাজায় কিছু চালক তাদের নম্বর প্লেট বাঁকিয়ে বা আংশিকভাবে ঢেকে রেখে বারংবার টোল ফাঁকি দিচ্ছেন।

যদিও, টোল ফাঁকি দেওয়া যানবাহনের সংখ্যা মোট যানবাহনের মাত্র ২% থেকে ৪%, তবুও সরকার মনে করে সব যানবাহনে স্পষ্ট ও সুরক্ষিত হাই-সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট (HSRP) না থাকলে টোল ফাঁকি পুরোপুরিভাবে বন্ধ করা কঠিন। এরকম পরিস্থিতিতে তাই সরকার শুধু জরিমানাই নয়, তার পাশাপাশি আরও কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও ভাবনাচিন্তা করছে। যারা নম্বর প্লেট বিকৃত করবেন বা ঢেকে রাখবেন, তাদের স্বাভাবিক টোল ফি-এর চার থেকে আট গুণ পর্যন্ত অতিরিক্ত টোল দিতে হতে পারে।

google button