শীতের মরশুমে মাত্র ১২৬ টাকায় ঘুরে আসুন সিকিম, রইল সেরা উপায়

Published:

Sikkim

আনিষা চৌধুরী, কলকাতা: সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র। বরফে ঢাকা পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, ঘন সবুজ বনভূমি আর মনোরম আবহাওয়া উপভোগ করতে বছরভর বহু মানুষ ভিড় জমান পাহাড়ের এই রাজ্যে। তবে পাহাড়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলেই অনেকের প্রথম চিন্তা হয়ে দাঁড়ায় যাতায়াতের খরচ। বিশেষ করে গাড়ি ভাড়া করে যাতায়াত করতে গেলে দু-তিনজনের ক্ষেত্রেও বেশ ভালো অঙ্কের টাকা খরচ হয়ে যায়। তবে এবার সেই চিন্তা অনেকটাই কমতে পারে। শিলিগুড়ি থেকে সিকিমের (Sikkim) বিভিন্ন জায়গায় সরকারি বাসে যাতায়াতের সুযোগ রয়েছে মাত্র ১২৬ টাকা থেকে। অর্থাৎ, কম বাজেটেও পাহাড় ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন পর্যটকরা।

বাসেই সাশ্রয়ী ভ্রমণ

নিজস্ব গাড়ি কিংবা ছোট গাড়ি ভাড়া করে সিকিম যাওয়ার তুলনায় বাসে যাতায়াত অনেকটাই সাশ্রয়ী হতে পারে। সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট বা SNT-র বাসে শিলিগুড়ি থেকে রাজ্যের একাধিক গন্তব্যে পৌঁছনো যায়। অনলাইন বুকিং প্ল্যাটফর্মে পাওয়া তথ্য অনুযায়ী, শিলিগুড়ি থেকে মেল্লি যাওয়ার বাসের ভাড়া শুরু হচ্ছে মাত্র ১২৬ টাকা থেকে। অন্যদিকে, রংপো যাওয়ার ভাড়া ১৬২ টাকা, সিংতাম যেতে খরচ ১৮৯ টাকা এবং জোরথাং যাওয়ার ভাড়া শুরু হচ্ছে ১৮৩ টাকা থেকে। ফলে নিজের গন্তব্য অনুযায়ী বাস বেছে নিয়ে কম খরচে যাতায়াত করতে পারবেন পর্যটকরা।

কখন ছাড়ে এসি ও নন-এসি বাস?

শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার জন্য এসি এবং নন-এসি, দুই ধরনের বাসেরই ব্যবস্থা রয়েছে। অনলাইন বুকিংয়ের তালিকায় নন-এসি বাসের পরিষেবা সকাল ৬টা থেকে শুরু হয়ে বিকেল ৩টে পর্যন্ত পাওয়া যাচ্ছে। এই বাসগুলির ভাড়া শুরু হচ্ছে ২৪০ টাকা থেকে। অন্যদিকে, যারা একটু আরামদায়ক যাত্রা পছন্দ করেন, তাঁদের জন্য রয়েছে এসি বাস। সকাল ৮টা, সকাল ৯টা ৩০ মিনিট এবং সকাল ১০টা ৩০ মিনিটের মতো বিভিন্ন সময়ে এসি বাসের পরিষেবা পাওয়া যাচ্ছে। এসি বাসের ভাড়া শুরু হচ্ছে ৫০০ টাকা থেকে। শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছতে সাধারণত প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে।

কোথা থেকে কোথায় কত ভাড়া?

অনলাইন বুকিংয়ের বর্তমান তালিকা অনুযায়ী, শিলিগুড়ি থেকে সিকিমের বিভিন্ন জায়গায় যাওয়ার বাসভাড়া একনজরে দেখে নিন।

  • শিলিগুড়ি থেকে মেল্লি: ১২৬ টাকা।
  • শিলিগুড়ি থেকে রংপো: ১৬২ টাকা।
  • শিলিগুড়ি থেকে জোরথাং: ১৮৩ টাকা।
  • শিলিগুড়ি থেকে সিংতাম: ১৮৯ টাকা।
  • শিলিগুড়ি থেকে নামচি: ১৯৯ টাকা।
  • শিলিগুড়ি থেকে গ্যাংটক: ২৪০ টাকা থেকে।
  • শিলিগুড়ি থেকে রাভাংলা: ২৫৭ টাকা।
  • শিলিগুড়ি থেকে পেলিং: ২৯৪ টাকা।

অনলাইনেই কাটতে পারবেন টিকিট

এখন আর বাসের টিকিট কাটার জন্য শুধুমাত্র কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। অনলাইন বুকিং প্ল্যাটফর্মের মাধ্যমেও SNT বাসের টিকিট কাটা যাচ্ছে। পাশাপাশি শিলিগুড়ি ও গ্যাংটকের বুকিং কাউন্টার থেকেও টিকিট সংক্রান্ত খোঁজ নেওয়া যাবে। শিলিগুড়ি বুকিং অফিসের যোগাযোগ নম্বর ৭৩১৯৫১২২৩৩ এবং গ্যাংটক বুকিং অফিসের নম্বর ৮৯০০০০২৯৩০।

আরও পড়ুন: বাসে এই ভুল করলেই লক হয়ে যাবে আধার কার্ড, বড় ঘোষণা পরিবহনমন্ত্রীর 

তাহলে আর দেরি কেন? বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে এবার যাতায়াতের খরচ নিয়ে অতিরিক্ত চিন্তা না করলেও চলবে। একটু পরিকল্পনা করে, বাজেট বুঝে ঘোরার জায়গা বেছে নিলে অনেক কম খরচেও সিকিমের সৌন্দর্য উপভোগ করা সম্ভব।

google button