প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে বাংলাদেশে চলছে একের পর এক অশান্তি। আসলে ডিসেম্বরে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা চাউর হতেই এই অশান্তি। আর এসবের মাঝেই এল বড় আপডেট। ফের শিলিগুড়ি ও কলকাতায় বাংলাদেশের নতুন ভিসা সার্ভিস চালু (Bangladesh Visa Service) হতে চলেছে। জানা গিয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসের পরিচালনার মাধ্যমে নতুন ঠিকানায় বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র চালু হতে চলেছে।
বাংলাদেশের ভিসা কেন্দ্র নিয়ে উদ্বেগ
কিছুদিন আগেই কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিলেন যে, আগামী ৩০ নভেম্বর DU Digital Global Limited-এর সঙ্গে বাংলাদেশ সরকারের ভিসা পরিষেবা পরিচালনার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন করে ওই চুক্তি নবীকরণ করা হবে না, ফলে ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্তমান সংস্থার অধীনে আর ভিসার আবেদন গ্রহণ করা হবে না। আর এই খবর প্রকাশ্যে আসতেই মাথায় হাত পড়েছিল পর্যটকদের। যদিও সেই সময় উপ হাইকমিশন জানিয়েছিলেন যে ভিসা আবেদন পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়নি। বরং নতুন সংস্থার মাধ্যমে পরিষেবা চালু করার প্রস্তুতি চলছে। আর এবার সেই সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি দিল বাংলাদেশ উপ হাইকমিশন।
ভিসা নিয়ে নয়া বিজ্ঞপ্তি বাংলাদেশের
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গতকাল মঙ্গলবার, আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে নতুন ঠিকানায় নতুন ভিসাকেন্দ্র চালু করার এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিসগড় রাজ্যে বসবাসরত ভারতীয় নাগরিক এবং এইসব রাজ্যে দীর্ঘমেয়াদে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বাংলাদেশি ভিসা আবেদনে সহায়তা প্রদানের জন্য আউটসোর্স সার্ভিস প্রোভাইডার হিসেবে ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটি সেন্টার পরিচালনার লক্ষ্যে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিস নামক প্রতিষ্ঠানটিকে নিয়োগ প্রদান করেছে।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে পাথর হামলা, খড়গপুর ঢোকার আগে ভাঙল পুরুলিয়া এক্সপ্রেসের জানলার কাচ
বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতায় ভিসা আবেদনের কেন্দ্রটির ঠিকানা হল – Cimsys Towers, Plot no. Y-13, Block EP & GP, Sector-V, Salt Lake City, Kolkata – 700091, West Bengal। এবং শিলিগুড়ির নতুন ঠিকানা হল- City Mall, First Floor, Sevoke Road, Siliguri, Darjeeling-734001, West Bengal। এর আগে বাংলাদেশি ভিসা আবেদনের জন্য কলকাতা ও শিলিগুড়িতে কেন্দ্রের দায়িত্ব ছিল ডিজিটাল গ্লোবাল লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভিসা আবেদনকারীরা।


