চলন্ত ট্রেনে পাথর হামলা, খড়গপুর ঢোকার আগে ভাঙল পুরুলিয়া এক্সপ্রেসের জানলার কাচ

Published:

Purulia Express

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের রাতের অন্ধকারে যাত্রীবোঝাই চলন্ত ট্রেন লক্ষ্য করে উড়ে এল একের পর এক পাথর। ঘটনাটি ঘটেছে ১২৮২৭ হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে (Purulia Express)। মুহূর্তের মধ্যেই বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে গেল কামরার জানলার কাচ। অভিযোগ, খড়্গপুরে ঢোকার আগেই পাথর ছোড়ার ঘটনাটি ঘটেছিল। এদিকে আচমকা এই হামলায় (Stone Attack on Moving Train) আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের ভিতরে। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন যাত্রীরা। সব মিলিয়ে ফের প্রশ্নের মুখে পড়ল চলন্ত ট্রেনে যাত্রীদের নিরাপত্তা।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, মঙ্গলবার সন্ধ্যায় পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল। হাওড়া থেকে খড়গপুর ফেরার সময় জকপুর স্টেশন পেরোনোর কিছুক্ষণ পরেই হাতিগোলা ব্রিজের কাছে পাথর দিয়ে কাঁচ ভাঙার ঘটনাটি ঘটেছিল। এদিকে এই ইট হামলার কারণে ট্রেনের ডি-৮ কামরার একটি জানলার কাচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। জানলার লোহার শিকও বেঁকে গিয়েছে। রাতের অন্ধকারে আচমকা ইটের বড় বড় টুকরো যাত্রী ভর্তি ট্রেনের কামরায় এসে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন সকলে। তবে ঘটনায় অন্য কোনও যাত্রীও আহত হননি বলে জানা গিয়েছে।

কী বলছেন যাত্রীরা?

জানা গিয়েছে, ইট হামলার সময়ে ওই কামড়ার জানলার ঠিক পাশেই এক তরুণী বসে ছিলেন। তিনি কাঁচ ভাঙার শব্দ পেয়েই ছিটকে যাওয়ায় তাঁর শারীরিক কোনো আঘাত লাগেনি। ইতিমধ্যেই ট্রেনটি খড়্গপুর স্টেশনে পৌঁছলে রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিল যাত্রীরা। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের বাসিন্দা শঙ্কর মাজি জানিয়েছেন যে, “বাইরে থেকে ওই পাথর ছোড়া হয়েছিল। এমন ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। যাত্রীদের সুরক্ষা কোথায়! আমি খড়্গপুরে নেমে ফোনে আরপিএফ কন্ট্রোলে অভিযোগ জানিয়েছি।”

আরও পড়ুন: দার্জিলিং থেকে NBSTC-র বাসে শিলিগুড়ি, মহিলাদের ফ্রি, জানুন রুট ও সময়সূচি

যাত্রীদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। তবে এই ঘটনায় কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্তদের চিহ্নিত করে শীঘ্রই কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা। যদিও এই প্রথমবার নয়, আগেও চলন্ত ট্রেনে, বন্দে ভারত এক্সপ্রেস সহ ভারতীয় রেলের একাধিক ট্রেনে পাথর ছুড়ে মারার মতো ঘটনা ঘটছে। এর ফলে গুরুতর ক্ষতিগ্রস্থ হচ্ছে ট্রেন, এমনকি যাত্রীদের নিরাপত্তার প্রশ্ন ও বারে বারে উঠছে। এখন দেখার কী পদক্ষেপ নেয় রেল কর্তৃপক্ষ।

google button