‘পাকিস্তান সুপার লিগ বেশি গুরুত্বপূর্ণ’, IPL থেকে সরে দাঁড়ালেন দুর্ধর্ষ অলরাউন্ডার

Published:

IPL 2027

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2027)। ইতিমধ্যেই নিজেদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া প্লেয়ারের তালিকা প্রকাশ করে দিয়েছে সমস্ত ফ্রাঞ্চাইজি। আগামী ডিসেম্বরে গোয়ায় বসবে মিনি নিলাম। ঠিক সেই আবহে IPL ছাড়ার সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার দাপুটে ক্রিকেটার কামিন্দু মেন্ডিস। আগামী মরসুমে দেশের টি-টোয়েন্টি ক্রিকেট লিগে না খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রতিবেশী দেশের ক্রিকেটার। কারণটা পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League)! কিছু রিপোর্ট বলছে, IPL এর তুলনায় PSL কামিন্দুর কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই সেখানে খেলার আগ্রহ প্রকাশ করেছেন লঙ্কান তারকা।

PSL খেলতে আগ্রহী তারকা ক্রিকেটার

আসন্ন নিলামের আগে কামিন্দুকে দলে রাখেনি সানরাইজার্স হায়দরাবাদ। ফলে এ বছর নিলামে উঠতেই হতো এই প্লেয়ারকে। সেখানে দল পেলে তবেই খেলার সুযোগ পেতেন তিনি। বলা বাহুল্য, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হায়দরাবাদের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন কামিন্দু। ব্যাট হাতে 92 রান করার সাথে সাথে দুটি উইকেট তুলতে পেরেছিলেন এই দুর্ধর্ষ অলরাউন্ডার। দল SRH বাদ দেওয়ার পরই আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কয়েকটি সূত্র মারফত যা খবর, শ্রীলঙ্কার এই ক্রিকেটার মূলত পরিবারকে অতিরিক্ত সময় দেওয়া এবং নিজের ওয়ার্কলোড সামাল দিতেই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে দেশের হয়ে আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলির জন্যেও নিজেকে প্রস্তুত করা বাকি। বর্তমানে যেহেতু তিন সংস্করণেই শ্রীলঙ্কা দলের নিয়মিত সদস্য মেন্ডিস, ফলে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের আগে নিজের ওয়ার্কলোড নিয়ন্ত্রণে রাখতে চাইছেন খেলোয়াড়।

আরও পড়ুন: দেশের প্রথম ক্লাব হিসেবে নজির গড়ল ইস্টবেঙ্গল, তবে মিলল না স্বস্তি

তবে জানিয়ে রাখি, 2027 IPL না খেললেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে থাকছেন মেন্ডিস। নিজেকে উজাড় করে দিতে চান পাকিস্তান সুপার লিগে। সেখানে ভিন্ন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়ে ব্যাট এবং বল হাতে ক্ষমতা দেখাতে চান শ্রীলঙ্কার এই খেলোয়াড়। সবচেয়ে বড় কথা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তুলনায় পাকিস্তান সুপার লিগের সময়সীমা অনেকটাই কম, ফলে এই টুর্নামেন্টে খেললে পরিবারের থেকে বেশি দিন দূরে থাকতে হবে তাঁকে। সেসব দিক মাথায় রেখেই হয়তো পশ্চিমের দেশের টি-টোয়েন্টি লিগে নাম লেখাতে পারেন এই তারকা ক্রিকেটার।

google button