সহেলি মিত্র, কলকাতা: পশ্চিমবঙ্গের জমির (Land Conversion) মালিকদের জন্য বড়সড় স্বস্তির খবর। জমির চরিত্র বদল বা ল্যান্ড কনভারশনের ক্ষেত্রে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা কমাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। প্রস্তাবিত নতুন নিয়ম কার্যকর হলে কৃষিজমিতে বাড়ি তৈরি, শিল্প স্থাপন কিংবা ডাঙা ও পতিত জমির চরিত্র পরিবর্তনের জন্য আর আগাম সরকারি অনুমোদন নিতে হবে না। তবে জমির চরিত্র পরিবর্তনের পর নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট ভূমি ও ভূমিসংস্কার আধিকারিকের (BLRO) কাছে বিষয়টি জানাতে হবে।
জমির চরিত্র বদলে বড় ছাড় রাজ্যের!
এই উদ্দেশ্যে ১৯৫৫ সালের পশ্চিমবঙ্গ ভূমিসংস্কার আইনে সংশোধনী আনতে চলেছে নবান্ন। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বিধানসভার শীতকালীন অধিবেশনে ‘ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস থার্ড অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ পেশ করার কথা রয়েছে। প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে জমির চরিত্র পরিবর্তনের প্রক্রিয়া অনেকটাই সহজ হতে পারে বলে মনে করা হচ্ছে।
কী কী সুবিধা মিলতে পারে?
বর্তমানে জমির চরিত্র পরিবর্তনের জন্য আগে থেকেই সরকারি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কৃষিজমিতে বাড়ি তৈরি, শিল্প স্থাপন কিংবা জমির ব্যবহার পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হয়। জমির পরিমাণ অনুযায়ী অনুমোদন দেওয়ার দায়িত্বও বিভিন্ন স্তরের আধিকারিকদের হাতে থাকে। বর্তমান নিয়ম অনুযায়ী, ১০ ডেসিমেল পর্যন্ত জমির চরিত্র পরিবর্তনের অনুমোদন দেন BLLRO। ১১ থেকে ১০০ ডেসিমেল জমির ক্ষেত্রে দায়িত্বে থাকেন মহকুমা ভূমি ও ভূমিসংস্কার আধিকারিক (SDLRO)। অন্যদিকে, ১ একর বা ১০০ ডেসিমেলের বেশি জমির চরিত্র পরিবর্তনের অনুমোদন দেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমিসংস্কার) বা ADM (MLR)।
আরও পড়ুন: কাজের জেরে ব্যান্ডেল-কাটোয়া লাইনে বাতিল ১৪টি লোকাল ট্রেন, তালিকা দিল রেল
এই দীর্ঘ প্রক্রিয়ার কারণে অনেক সময় জমির চরিত্র পরিবর্তনের অনুমোদন পেতে জমির মালিকদের অপেক্ষা করতে হয়। বিশেষ করে ব্যক্তিগত প্রয়োজনে জমির ব্যবহার পরিবর্তন করতে গিয়ে প্রশাসনিক জটিলতার মুখে পড়তে হয় বলে অভিযোগ রয়েছে। প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে জমির চরিত্র পরিবর্তনের জন্য আগাম অনুমোদন নেওয়ার পরিবর্তে পরবর্তী সময়ে নির্দিষ্ট নিয়ম মেনে নথিভুক্ত করার ব্যবস্থা চালু হতে পারে। এমনকি পঞ্চায়েতে পিএসসির মাধ্যমে নিয়োগ করতে এই অধিবেশনেই আসছে ‘ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট ১৯৭৩ অ্যামেন্ডমেন্ট বিল’।
ফি দিতে হবে?
নতুন প্রস্তাব অনুযায়ী, জমির চরিত্র পরিবর্তনের ৬০ দিনের মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে সংশ্লিষ্ট BLLRO-র কাছে নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করতে হবে। সেই আবেদনের ভিত্তিতে সরকারি তথ্যভাণ্ডার বা ভূমি রেকর্ডে জমির চরিত্র পরিবর্তনের তথ্য সংশোধন করা হবে। আবেদন জমা পড়ার ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিককে সরকারি রেকর্ডে প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে। ৬০ দিনের মধ্যে বিষয়টি না জানালে অতিরিক্ত ফি’র সংস্থানও রাখা হচ্ছে।


