প্রীতি পোদ্দার, কলকাতা: প্রযুক্তির দ্রুত অগ্রগতি হলেও এখনও বিদ্যুতের আলো পৌঁছায়নি একাধিক গ্রামে। সন্ধ্যা নামলেই মুহূর্তের মধ্যেই অন্ধকারে ডুবে যেত একের পর এক বাড়ি। বাধ্য হয়ে জ্বালাতে হচ্ছিল হ্যারিকেন ও প্রদীপ। কিন্তু এবার বিজেপি সরকার আসতেই সেই অন্ধকার কাটল দুর্গাপুরের (Durgapur) মারাডি পাড়া এলাকায়। বিদ্যুতের আলোয় আলোকিত হল ৯ আদিবাসী পরিবার।
দীর্ঘ ১৫ বছর ধরে মেলেনি বিদ্যুৎ
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, দুর্গাপুরের পাণ্ডবেশ্বর বিধানসভার ইছাপুর গ্রাম পঞ্চায়েতের মারাডি পাড়া এলাকায় পরপর ৯টি আদিবাসী বাড়িতে দীর্ঘ ১৫ বছর ধরে কোনও বিদ্যুতের আলো ছিল না। শুধু তাই নয়, পানীয় জল ও যাতায়াতের জন্য সঠিক রাস্তার ব্যবস্থাও ছিল না। সবমিলিয়ে প্রায় ৫০ জনের কাছাকাছি বাসিন্দাদের এই এতগুলো বছর নানা সমস্যার মধ্যে দিন কাটাতে হয়েছিল। তাঁদের মধ্যে অধিকাংশই দিনমজুরের কাজ করেন। আর এবার সেই খবর প্রকাশ্যে আসা মাত্রই বড় পদক্ষেপ নিলেন সেখানকার বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। আর তাতেই স্বস্তির হাসি হাসলেন আদিবাসীরা।
এগিয়ে এলেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, দীর্ঘ ১৫ বছর ধরে বসবাস করলেও তাঁদের এলাকায় আজও পৌঁছয়নি বিদ্যুতের আলো। বিগত সরকারকে একাধিকবার অনুরোধ জানালেও কেউ কোনো পদক্ষেপ নেয়নি। এছাড়াও, পানীয় জল এবং যাতায়াতের জন্য ভালো রাস্তার অভাবও রয়েছে। খবরটি জানাজানি হতেই আশ্বাস দিয়েছিলেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তিনি জানিয়েছিলেন, এলাকার ৯টি পরিবার কেন এখনও বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত, তা খতিয়ে দেখে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন: ১ ডিসেম্বর থেকে কলকাতা, শিলিগুড়ির নতুন ঠিকানায় বাংলদেশের ভিসা পরিষেবা
জানা গিয়েছে, বিধায়কের হস্তক্ষেপে মাত্র চারদিনের মধ্যেই এলাকার ৯টি বাড়িতে বিদ্যুতের আলো এসে পৌঁছেছে। পরিষেবা সকলে ঠিকভাবে পাচ্ছে কিনা তা দেখার জন্য ওই এলাকায় গিয়েছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক সুশীল টুডু ও মন্ডল সভাপতি তারকনাথ ধীবর। সুশীল টুডু জানিয়েছেন, “বিধায়ক খবর পাওয়া মাত্রই ব্যবস্থা গ্রহণ করেন। সঙ্গে দ্রুততার সঙ্গে বিদ্যুৎ পৌঁছে দেন। সরকার প্রতি মুহূর্তে মানুষের পাশে রয়েছে, এটা সকলের জানা খুব প্রয়োজন।”


