প্রীতি পোদ্দার, কলকাতা: পাহাড় প্রেমীদের জন্য বড় ধাক্কা। সিকিমে যাওয়ার পরিকল্পনা থাকলে এখন থেকেই বাজেট একটু বাড়িয়ে রাখুন। কারণ, নতুন বছর থেকেই নাকি সিকিম ভ্রমণে বাড়তে চলেছে পর্যটকদের খরচ (Sikkim Tourist Entry Fee)। মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাংয়ের সরকারের জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা। এদিকে এই খবর (Sikkim Travel Cost) প্রকাশ্যে আসা মাত্রই ব্যাপক শোরগোল শুরু হয়েছে পর্যটন মহলে।
গুনতে হবে অতিরিক্ত টাকা
শীতের মরশুম পড়তে না পড়তেই অনেকেই পাহাড়ে ভ্রমণের উদ্দেশ্যে পাড়ি দেয়। আর দূরে ভ্রমণের ক্ষেত্রে অনেকেই সিকিমের নাথুলা পাস, ছাঙ্গু লেক, বাবা মন্দির কিংবা জুলুক ভ্রমণের পরিকল্পনা করে। কিন্তু এবার সেখানে ঘুরতে যেতে গেলে পকেট থেকে খসতে চলেছে অনেক বেশি টাকা। কারণ, নতুন বছর পড়তেই রাজ্যের নির্দিষ্ট সংরক্ষিত বনাঞ্চল, সীমাবদ্ধ এবং অন্যান্য নিয়ন্ত্রিত এলাকায় পর্যটকবাহী গাড়ি প্রবেশের জন্য চালু হচ্ছে নতুন ফি কাঠামো। অর্থাৎ ১ জানুয়ারি ২০২৭ থেকে সিকিমের একাধিক জনপ্রিয় পর্যটন রুটে গাড়ি নিয়ে যেতে হলে গুনতে হবে অতিরিক্ত টাকা।
পারমিট দেওয়ার দায়িত্বে কারা থাকবেন?
জানা গিয়েছে, পারমিট ব্যবস্থা পরিচালনার জন্য স্বরাষ্ট্র দপ্তর নোডাল দপ্তর হিসেবে কাজ করবে। পর্যটন ও বেসামরিক বিমান চলাচল দপ্তর পর্যটকদের পারমিট প্রক্রিয়াকরণের দায়িত্বে থাকবে, এবং ভিআইপি ও সরকারি পারমিট স্বরাষ্ট্র দপ্তর থেকে ইস্যু করা হবে। সেনাবাহিনী তাদের নিজস্ব যানবাহন এবং অতিথিদের জন্য পারমিটের বিষয়টি দেখভাল করবে। বিজ্ঞপ্তি অনুযায়ী সংশোধিত প্রবেশমূল্য শুধুমাত্র গ্যাংটক ও পাকিয়ং বিভাগের অধীনস্থ নাথুলা-সোমগো-বাবা মন্দির-জুলুক-লিংটাম রুটের সংরক্ষিত বনাঞ্চল এবং সাঙ্কালং-টুং ও ফেডাং চেকপোস্টের বাইরের মাঙ্গান এলাকার জন্য প্রযোজ্য হবে।
আরও পড়ুন: ১ ডিসেম্বর থেকে কলকাতা, শিলিগুড়ির নতুন ঠিকানায় বাংলদেশের ভিসা পরিষেবা
কোন গাড়ির জন্য কত টাকা দিতে হবে?
সংশোধিত প্রবেশমূল্য হিসেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পাঁচজন বসার আসন বিশিষ্ট চার চাকার গাড়ির জন্য গ্যাংটক-পাকিয়ং বিভাগে প্রবেশ মূল্য ১,৫০০ টাকা এবং মাঙ্গান বিভাগে ১,২০০ টাকা ধার্য হবে। এছাড়াও ছয় থেকে দশ আসন বিশিষ্ট যানবাহনের জন্য যথাক্রমে ২,৫০০ টাকা এবং ১,৫০০ টাকা ভাড়া ধার্য করা হবে। গ্যাংটক-পাকিয়ং-এ ১১ থেকে ১৫ আসন বিশিষ্ট ফোর্স এবং টেম্পো ট্র্যাভেলার যানবাহনের জন্য ভাড়া হবে ৪,৫০০ টাকা এবং মাঙ্গান-এ ২,৫০০ টাকা। এছাড়াও ১৬ থেকে ২০ আসন বিশিষ্ট বাসের জন্য ভাড়া নেওয়া হবে যথাক্রমে ৬,৫০০ টাকা এবং ৩,৫০০ টাকা।
অন্যদিকে ২১ থেকে ৩০ জন যাত্রী বহনকারী বাসের জন্য গ্যাংটক-পাকিয়ং-এ ৭,৫০০ টাকা এবং মাঙ্গান-এ ৫,৫০০ টাকা ভাড়া ধার্য করা হবে। পাশাপাশি ৩০টির বেশি আসন বিশিষ্ট যানবাহনের জন্য যথাক্রমে ১০,০০০ টাকা এবং ৭,৫০০ টাকা ফি প্রযোজ্য হবে। শুধু চারচাকা বা বাস নয়, ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য ৭৫০ টাকা এবং পিলিয়ন আরোহীদের ৩৫০ টাকা দিতে হবে। এই নির্দেশিকার মাধ্যমে স্পষ্ট জানানো হয়েছে যে কোনো সংস্থা, সরকারি বিভাগ বা গ্রাম পঞ্চায়েত ইউনিট সীমাবদ্ধ প্রবেশাধিকার এলাকাগুলিতে অতিরিক্ত চার্জ আদায় করতে পারবে না।
কারা ছাড় পাবেন?
এই নতুন ফি কাঠামোয় সিকিমের স্থায়ী বাসিন্দাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। যাঁদের কাছে Sikkim Subject Certificate, Certificate of Identification (COI), Residential Certificate অথবা সিকিমের ভোটার পরিচয়পত্র রয়েছে, তাঁরা পরিচয়পত্র যাচাইয়ের পর পারমিট ফি থেকে ছাড় পাবেন। আসলে সংশোধিত কাঠামোটির লক্ষ্য হলো অনুমতি ব্যবস্থাকে সুসংহত করা এবং সংবেদনশীল ও সীমাবদ্ধ এলাকায় যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা, পাশাপাশি প্রযোজ্য চার্জ ও ছাড় নির্দিষ্ট করা।


