প্রীতি পোদ্দার, কলকাতা: হিউম পাইপ পরিষ্কার করতে গিয়ে সাফাই কর্মীর মৃত্যু পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur), আর সেই ঘটনায় এবার তদন্ত ও ক্ষতিপূরণের দাবি তুলল নাগরিক সুরক্ষা কমিটি। জানা গিয়েছে এই বিষয়ে ইতিমধ্যেই জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে নাগরিক সুরক্ষা কমিটির সদস্যরা। কী পরিস্থিতিতে এই দুর্ঘটনা (Purba Medinipur Hume Pipe Accident) ঘটেছে এবং কাজের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, সম্পূর্ণটা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সদস্যরা।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত সোমবার, পূর্ব মেদিনীপুরের শহিদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা-হলদিয়া জাতীয় সড়কের পাশে শের বেঙ্গল হোটেল সংলগ্ন এলাকায় হিউম পাইপ পরিষ্কারের কাজ করতে গিয়ে এক সাফাই কর্মীর মৃত্যু হয়েছিল। মৃতের নাম বিকাশ রাউত। তাঁর বাড়ি পাঁশকুড়ার হাউরের মহিমপুর গ্রামে। ওইদিন নয়ানজুলিতে হিউম পাইপ বসানোর সময় ওই পাইপের ভিতরে জমে থাকা আবর্জনা পরিষ্কারের কাজ করতে গিয়েই বিকাশ রাউতের মৃত্যু হয়। এবার সেই ঘটনায় সরব হয়েছে নাগরিক সুরক্ষা কমিটি। তাঁদের দাবি মৃতের পরিবারকে অন্তত ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও এককালীন আর্থিক সাহায্য দিতে হবে। পাশাপাশি ঘটনার তদন্ত করতে হবে।
পূর্ণাঙ্গ তদন্তের দাবি সদস্যদের
জানা গিয়েছে, জেলা শাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায় নির্ধারণ এবং তদন্তে দোষ প্রমাণিত হলে হোটেল মালিক-সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে নাগরিক সুরক্ষা কমিটির সদস্যরা। এছাড়াও ওই এলাকায় জলনিকাশের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছে কমিটি। তাদের দাবি, নয়ানজুলিতে বসানো হিউম পাইপের পরিবর্তে প্রশস্ত কালভার্ট নির্মাণ করতে হবে। তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না।
আরও পড়ুন: ১৫ বছরের অপেক্ষার অবসান, বিধায়কের হস্তক্ষেপে দুর্গাপুরের ৯ আদিবাসী বাড়িতে পৌঁছল বিদ্যুৎ
ইতিমধ্যেই নাগরিক সুরক্ষা কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক জানিয়েছেন, তাঁরা ঘটনার পর সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন এবং জোরালো দাবি জানিয়েছেন। শুধু জেলা শাসককে নয়, এই দাবিগুলি নিয়ে জেলা পুলিশ সুপার, সংশ্লিষ্ট ব্লকের বিডিও এবং কোলাঘাট থানার ওসির কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। এখন দেখার প্রশাসনের তরফে কী পদক্ষেপ গ্রহণ করা হয়।


